1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বরফকল মাঠ রক্ষায় অপু হোসেনের আহ্বান

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জের খানপুরের ঐতিহ্যবাহী বরফকল মাঠ রক্ষায় সর্বস্তরের জনগণের প্রতি আকুল আবেদন জানিয়েছেন সচেতন ও ক্রীড়াপ্রেমী নাগরিক মোঃ অপু হোসেন। মাঠটিতে ভারী মালামাল ও সিঙ্গার রাখার উদ্যোগকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করে তিনি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার পরিবেশ অক্ষুণ্ন রাখার দাবি জানিয়েছেন।

মোঃ অপু হোসেন বলেন, খানপুরের বরফকল মাঠ কোনো পরিত্যক্ত জায়গা নয়। এটি খানপুরসহ আশপাশের এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম প্রধান কেন্দ্র। প্রতিদিন শত শত শিশু-কিশোর ও তরুণ এই মাঠে খেলাধুলা করে। ফলে মাঠটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি অভিযোগ করে বলেন, বিআইডব্লিউটিএর (BIWTA) কিছু কর্মকর্তা এই ঐতিহ্যবাহী মাঠে ভারী মালামাল ও সিঙ্গার রেখে মাঠের জায়গা দখলের চেষ্টা করছেন। নারায়ণগঞ্জে মালামাল সংরক্ষণের জন্য আরও অনেক উপযুক্ত জায়গা থাকা সত্ত্বেও কেন বারবার এই খেলার মাঠটিকেই বেছে নেওয়া হচ্ছে, তা বোধগম্য নয়।

তিনি আরও বলেন, এখনই মাঠে মালামাল রাখা শুরু হলে ভবিষ্যতে পুরো মাঠটি স্থায়ীভাবে দখলের ঝুঁকিতে পড়তে পারে। এতে এলাকার শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। একটি খেলার মাঠ হারিয়ে যাওয়া মানে শুধু একটি জায়গা হারানো নয়, বরং নতুন প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে ফেলা।

অপু হোসেন বলেন, খেলাধুলার পরিবেশ তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বরফকল মাঠ রক্ষা করা শুধু খানপুরবাসীর দাবি নয়, এটি পুরো নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন ও নতুন প্রজন্মের স্বার্থের বিষয়।

এ সময় তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের খেলোয়াড়, ক্রীড়ামোদী মানুষ, অভিভাবক, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের দলমত-নির্বিশেষে মাঠ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

তাঁর দাবি, বরফকল মাঠে রাখা সব ধরনের মালামাল অবিলম্বে অপসারণ করতে হবে এবং মাঠটি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে মাঠের জায়গা অন্য কোনো কাজে ব্যবহার কিংবা দখল করা থেকে বিরত থাকতে হবে।

সচেতন মহলের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে খানপুরের ঐতিহ্যবাহী বরফকল মাঠ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park