1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

৩৫ উড়োজাহাজ কিনছে সরকার

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন এবং টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তুলতে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করেছে সরকার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫টি এবং ইউরোপের এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনা হবে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব উড়োজাহাজের সংখ্যা ১৯টি। দেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুটে কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে বহর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, বিমান বহরের সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদে একটি টেকসই মিশ্র বহর গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে বোয়িং ও এয়ারবাসের কাছ থেকে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার ক্রয়চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

চুক্তি অনুযায়ী, বোয়িং থেকে কেনা ২৫টি উড়োজাহাজ ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে পর্যায়ক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে। অন্যদিকে, এয়ারবাস থেকে কেনা ১০টি উড়োজাহাজ ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরের আকার ও সক্ষমতা বাড়বে। পাশাপাশি যাত্রী পরিবহন, আন্তর্জাতিক রুট পরিচালনা এবং দীর্ঘমেয়াদি বিমান পরিচালনা পরিকল্পনায় নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park