
শেরপুর প্রতিনিধি | বর্তমান নিউজ
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার (১ নভেম্বর) ভোরে উপজেলার রঙ্গনপাড়া সীমান্ত এলাকায় তেলিখালী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এ অভিযান চালান।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ভোর সাড়ে ৪টার দিকে রঙ্গনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনভর্তি মোবাইল ডিসপ্লে ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ডিসপ্লেগুলো জব্দ করেন বিজিবি সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ বলেন, সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।