1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বক্তব্যের খণ্ডিত উপস্থাপন না করে পুরো প্রেক্ষাপট বিবেচনার আহ্বান মডেল মাসুদের

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:

সম্প্রতি দেওয়া নিজের বক্তব্যের কিছু অংশ মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ (মডেল মাসুদ)। তিনি বলেছেন, বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে তাঁর প্রকৃত অবস্থান ও উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তাই পুরো বক্তব্য শুনে প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিবেচনার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় মাসুদুজ্জামান মাসুদ বলেন, একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে সরকারি বিভিন্ন দপ্তরে ব্যবসা পরিচালনা করতে গিয়ে যেসব প্রতিবন্ধকতা, অনিয়ম ও আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হতে হয়, তিনি মূলত সেই বাস্তব চিত্রই তুলে ধরেছেন। দীর্ঘদিনের দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও বিনিয়োগ পরিবেশকে বাধাগ্রস্ত করছে।

তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকেই প্রশাসনিক কাঠামোয় এসব সমস্যার শিকড় বিস্তৃত। এটি কোনো একক সরকারের সৃষ্টি নয়; বরং দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত একটি প্রাতিষ্ঠানিক সংকট। তবে প্রশাসনে অনেক সৎ, দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মকর্তাও রয়েছেন। তাঁদের অবদানকে অস্বীকার করার সুযোগ নেই।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, মাত্র আট-নয় মাস দায়িত্ব পালন করা একটি সরকারের ওপর দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির সম্পূর্ণ দায় চাপানো বাস্তবসম্মত নয়। বরং এসব সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধানে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদ্যমান কর্মসংস্থানও সুরক্ষিত রাখতে হবে। বিশেষ করে সংকটে থাকা শিল্পকারখানাগুলো সচল রাখা অত্যন্ত জরুরি।

শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ার পাশাপাশি কর্মরত হাজারো মানুষের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে। যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশে।

নিজের বক্তব্যকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁর উদ্দেশ্য কোনো বিশেষ পক্ষের প্রতি সমর্থন জানানো নয়। বরং ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান ও কর্মজীবী মানুষের বাস্তব সমস্যাগুলো তুলে ধরা।

তিনি আরও বলেন, সরকারি দপ্তরে ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা দূর করা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, দুর্নীতি ও অনিয়মের সংস্কৃতির পরিবর্তন ঘটানো, শিল্পকারখানা সচল রাখা এবং মানুষের কর্মসংস্থান সুরক্ষিত করা জরুরি।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নের পথে বিদ্যমান বাধাগুলো দূর করতে তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মাসুদুজ্জামান মাসুদ।

সবশেষে তিনি বলেন, বক্তব্যের খণ্ডিত ব্যাখ্যা নয়, বরং সম্পূর্ণ বক্তব্য, প্রকৃত প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিবেচনা করেই বিষয়টি মূল্যায়ন করা উচিত।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park