1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ফতুল্লায় মাদরাসায় ভয়াবহ আগুন, আহত ৮৮ শিক্ষার্থী; আইসিইউতে ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুনের পর ছড়িয়ে পড়া ঘন কালো ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং আতঙ্কে নামতে গিয়ে আহত হন কিতাব বিভাগের ৮৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৫৩ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর অসুস্থ চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁদের একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের জন্য মেকানিক্যাল ভেন্টিলেটরের সহায়তা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রুবিউল করিম খান এসব তথ্য জানান। তিনি বলেন, গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাঁদের ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড সংলগ্ন ভূঁইগড় শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও শ্বাসকষ্টের পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অগ্নিকাণ্ডের রাতের ঘটনার বিবরণ দিয়ে মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী আবু সালেহ জানান, প্রতিদিনের মতো শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই পুরো ভবনে ঘন ও বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘুমন্ত শিক্ষার্থীরা ধোঁয়ার কারণে তীব্র শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন।

তিনি জানান, প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে নিচে নামার চেষ্টা করেন। এ সময় সিঁড়িতে তাড়াহুড়ো ও ধাক্কাধাক্কির কারণে কয়েকজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সংশ্লিষ্টদের মতে, মাদরাসার ভবনে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি এবং আবাসিক শিক্ষার্থীদের গাদাগাদি করে বসবাসের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মাদরাসাটির তিনটি ভবন ও টিনশেড মিলিয়ে মোট আয়তন প্রায় ৪৮ হাজার বর্গফুট। সেখানে রয়েছে ২ হাজার ৪০০ বর্গফুটের লাইব্রেরি, অফিস কক্ষ, দুটি মসজিদ, রান্নাঘর ও ওয়াশরুমসহ বিভিন্ন অবকাঠামো।

এসব স্থাপনা বাদ দিলে প্রায় ১ হাজার ৩০০ আবাসিক শিক্ষার্থী এবং ৭৫ জন শিক্ষক ও স্টাফের থাকার জন্য মাথাপিছু জায়গা বরাদ্দ ছিল মাত্র ২৪ থেকে ২৫ বর্গফুটের মতো। সংশ্লিষ্টদের ধারণা, সীমিত জায়গায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর বসবাসের কারণে ধোঁয়া ছড়িয়ে পড়ার পর একসঙ্গে অনেক শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হন। পাশাপাশি সরু সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হন।

মঙ্গলবার সকালে সরেজমিনে মাদরাসা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া মূল্যবান বইয়ের স্তূপ আঙিনায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পোড়া আলমারি, টেবিল ও চেয়ার মাঠের পাশে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই দুর্ঘটনাকবলিত মাদরাসাটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।

মাদরাসার মুহতামিম (প্রিন্সিপাল) মুফতি মফিজুল ইসলাম জানান, হঠাৎ একটি শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এরপর চারদিকে শুধু ধোঁয়া দেখতে পান তাঁরা। আগুনে কোনো শিক্ষার্থী সরাসরি দগ্ধ না হলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে ৮৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে যান।

তিনি আরও জানান, লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের মহামূল্যবান বইসহ পুরো লাইব্রেরি পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে লাইব্রেরির নিচে ৪৮ হাজার লিটারের একটি পানির হাউস থাকায় শিক্ষার্থী ও শিক্ষকরা দ্রুত আগুন নেভানোর কাজে অংশ নিতে পেরেছিলেন। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন পাশের অন্য ভবনে ছড়িয়ে পড়েনি বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার সকালে দুর্ঘটনাকবলিত মাদরাসাটি পরিদর্শন করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আছমা উল হুসনা পিংকি। তাঁরা ক্ষতিগ্রস্ত লাইব্রেরিসহ মাদরাসার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও মাদরাসার প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খান জানান, এত বড় একটি আবাসিক মাদরাসায় প্রাথমিক অগ্নিনির্বাপণের নিজস্ব কোনো ব্যবস্থা ছিল না। এ ছাড়া ২ হাজার ৪০০ বর্গফুটের লাইব্রেরি কক্ষটি ইন্টেরিয়র ডিজাইনে সাজানো ছিল। অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব এবং ইন্টেরিয়রে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত পুরো লাইব্রেরিতে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খানের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে।

অন্যদিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতার বিষয় ছিল কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মাদরাসা ভবনটি ইমারত নির্মাণ বিধিমালা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে রাজউক জোন-৮-এর প্রকৌশলী রঞ্জন মণ্ডল জানান, ভবনটি প্রায় ২০ থেকে ২৫ বছর আগে নির্মাণ করা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনার পর মানবিক ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এ মুহূর্তে ভবনের নকশা অনুমোদনের বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে না। পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় একদিকে যেমন বিপুলসংখ্যক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে পুড়ে গেছে মাদরাসার গুরুত্বপূর্ণ লাইব্রেরি ও মূল্যবান বইপত্র। তদন্ত কমিটির প্রতিবেদনেই আগুনের প্রকৃত কারণ, ভবনের নিরাপত্তাব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park