
বর্তমান নিউজ ডেস্ক
শ্রমিকদের তিন দফা দাবিকে কেন্দ্র করে পোশাক কারখানাগুলোতে অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় সাভার-আশুলিয়ার অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়ার জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পরই তারা কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকশ শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় জড়ো হন। এ সময় পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনার পর আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অন্যদিকে, সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তবে শ্রমিক অসন্তোষ ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও সাভারের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালে বেশ কিছু পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের সড়কে অবস্থান করতে দেওয়া হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব/নি-ব/ত