
সরিষাবাড়ী প্রতিনিধি । আল আমিন হাসান
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদ ও গাছ বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির তালুকদার শামীম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী মেহেদী হাসান, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোলাইমান সরকার, একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমীন বেগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা। আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও সমাজ উন্নয়নে নেতৃত্ব দেবে। তাই বেকারত্ব দূর করতে তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ ও আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সরকার যুবকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে। দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে পারলেই সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য দেন। সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জন যুবকের মাঝে মোট ৯ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় সনদ ও গাছও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ আলম।