
বর্তমান নিউজ ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। নিজের ব্যাটিং নৈপুণ্যে সেঞ্চুরি তুলে নিয়ে বিশেষ এই অর্জন মেয়ের জন্মদিনে উৎসর্গ করেছেন তিনি। মেয়েকে চমকে দিতে আগে থেকেই একটি চিঠি লিখে রেখেছিলেন লিটন। তবে সেঞ্চুরি করতে না পারলে সেই চিঠি পকেটেই থেকে যেত বলে জানিয়েছেন এই টাইগার ক্রিকেটার।
টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের সেঞ্চুরি, মেয়ের জন্মদিন এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে কথা বলেন লিটন। তিনি জানান, দক্ষিণ আফ্রিকায় এটি তার পঞ্চম টেস্ট। এবারের সফরে দলের জন্য বিশেষ কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। নিজের সেই প্রত্যাশা পূরণ করতে পেরে বেশ আনন্দিত এই ব্যাটার।
লিটন বলেন, দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা থাকলেও এবারের সফরে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চেয়েছিলেন তিনি। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে ৯২ রানে অপরাজিত থাকা অবস্থায় হোটেল কক্ষে ফিরে মেয়ের জন্মদিনে কীভাবে তাকে বিশেষভাবে চমকে দেওয়া যায়, তা নিয়ে ভাবছিলেন। তখনই মেয়ের জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা করেন তিনি।
নিজের অনুভূতি জানিয়ে লিটন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় এটা আমার পঞ্চম টেস্ট। ভেতরে মাইন্ডসেট ছিল যে, এই ট্যুরে কিছু করার। করতে পেরেছি, খুব ভালোও লাগছে। যখন ৯২ রানে অপরাজিত ছিলাম, রুমে গিয়ে চিন্তা করছিলাম, আমার বউ ও মেয়ের সাথে কথা হয়েছে। আজকে মেয়ের জন্মদিন ছিল। ভাবছিলাম কীভাবে ওকে সারপ্রাইজ দেওয়া যায়। এটা তখনও মনে হয়নি। সকালে মনে হয়েছে এমন কিছু করা যায় কি না। যদি না হতো, ওটা হয়তো পকেটেই থেকে যেত।’
লিটন আরও জানান, তার মেয়ের বয়স এখন মাত্র তিন বছর। বাবাকে কাছে পেলেই মেয়ের আবদার থাকে, বাবা যেন সেঞ্চুরি করেন। মেয়ের সেই ছোট্ট আবদার পূরণ করতে পেরে এবার নিজের শতকটি তার জন্য উৎসর্গ করেছেন তিনি। বিশেষ এই দিনে মেয়েকে কাছে না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন বাংলাদেশের এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘মেয়ের জন্মদিন আজ। আজ আমার মেয়ের বয়স মাত্র ৩ বছর হলো। আমি যখন ঘরে থাকি, সে সবসময় বলে, বাবা আমি সেঞ্চুরি চাই। এই সেঞ্চুরিটা ওর জন্য। অবশ্যই, আমি ওকে মিস করছি। ওর জন্মদিন, বিশেষ একটা দিন। আর ইমোশনাল হওয়ার কারণ, এটা দক্ষিণ আফ্রিকায় আমার পঞ্চম টেস্ট। আমি এখানে দলের জন্য স্পেশাল কিছু করতে মুখিয়ে ছিলাম। সব মিলিয়ে আমি খুব খুশি।’
মেয়ের সঙ্গে সরাসরি কথা না হলেও তার জন্য নিজের মনের মধ্যে বিশেষ পরিকল্পনা রেখেছিলেন লিটন। তিনি চেয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে ভালো কিছু করতে পারলে সেই অর্জন মেয়েকে উৎসর্গ করবেন। কারণ, সামনে মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ না থাকায় নিজের এই বিশেষ অর্জনের মধ্য দিয়েই তাকে আনন্দ দিতে চেয়েছেন।
লিটন বলেন, ‘মেয়ের সাথে কথা হয়নি। ও তো অনেক ছোট, এগুলো বুঝবে না। এটা আমার ভেতরে ছিল। নিজের ভেতরে রেখেছিলাম যদি স্পেশাল কিছু করতে পারি ওকে উৎসর্গ করব। যেহেতু সামনে তাকে পাচ্ছি না। তার জন্য অনেক কিছু করতে পারছি না। অন্তত সেঞ্চুরিটা উৎসর্গ করা যায়।’
মেয়ের জন্মদিনে লিটন দাসের এই সেঞ্চুরি তাই শুধু ব্যক্তিগত অর্জন নয়, হয়ে উঠেছে বাবা-মেয়ের ভালোবাসার এক বিশেষ উপহার। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি পরিবারের প্রতি এমন আবেগঘন অনুভূতিও সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
ব/নি-ব/ত