
বর্তমান নিউজ ডেস্ক
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এবারের একাদশে জায়গা পেয়েছেন রেকর্ড আটজন প্রবাসী ফুটবলার। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাত ৮টা ৩০ মিনিটে জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
গত ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিন। তাঁর পরিবর্তে অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়াকে একাদশে রেখেছেন কোচ থমাস ডুলি।
অন্যদিকে, ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করা এবং শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে থাকা ইব্রাহিম এবার জায়গা পাননি। তাঁর পরিবর্তে ফর্টিজের জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুকি ইতোফুসাকে নাম্বার নাইন পজিশনে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ।
বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অংশগ্রহণের ধারায় এবার নতুন রেকর্ড গড়েছে দলটি। ২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার মাধ্যমে এই ধারার সূচনা হয়েছিল। তবে পাকিস্তানের বিপক্ষে আজকের একাদশে আটজন প্রবাসী ফুটবলার থাকলেও জায়গা হয়নি জামালের।
পাকিস্তানকে হারাতে পারলে দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার সুযোগ পাবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৫ সালে ফাইনালে খেলেছিল লাল-সবুজের দল। সেবার ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের। এরপর আর ফাইনালে উঠতে পারেনি দলটি।
এবারের আসরে গ্রুপপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে গোল করেন সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন।
অন্যদিকে, প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফলে পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।
ব/নি-ব/জ