
বর্তমান নিউজ ডেস্ক
শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন থেকে তাঁরা এ ঘোষণা দেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকরা অংশ নেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। আগুন সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি যাতে আবার ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহবুব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ স্বৈরাচারী শক্তির কবল থেকে মুক্ত হয়ে স্বাভাবিক পরিবেশে পরিচালিত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু এরপরও বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ও গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাগুলো এ ক্ষেত্রে উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন তিনি।
সরকারের ভূমিকার বিষয়ে তিনি বলেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা তাঁর দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবনে আগে দেখেননি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কারু শিল্প বিভাগের প্রভাষক জাকিয়া আহমেদ ঝুমা বলেন, তাঁরা বাংলাদেশকে ভালোবাসেন এবং দেশের স্বার্থে কোনো ধরনের আগুন সন্ত্রাসের রাজনীতি মেনে নেবেন না। দেশের জনগণকে ঐক্যবদ্ধ থেকে জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতার রাজনীতি যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু অল্প সময়ের ব্যবধানে আবারও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের অভিযোগ সামনে আসছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা এ মানববন্ধনে সমবেত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রয়েছে। এমন পরিস্থিতিতে কোনো সংগঠনের কর্মকাণ্ডের কারণে ক্যাম্পাস বা দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হোক, তা তাঁরা চান না।
তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। প্রয়োজনে শিক্ষকরা আবারও রাজপথে নামবেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, দেশের শিক্ষার পরিবেশ, জননিরাপত্তা ও সামগ্রিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা যেন সফল না হয়, সে বিষয়ে সরকার ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।