
বর্তমান নিউজ ডেস্ক
আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন বসবে। রোববার জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অংশ নেন।
বৈঠকে জানানো হয়, অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল রয়েছে। আগের অধিবেশনের পর জারি হওয়া তিনটি অধ্যাদেশও প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে। সেগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ—সবগুলোই ২০২৬ সালের।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।
সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত সদস্যরা প্রস্তাবটি গ্রহণ করেন। সংসদের সাউন্ড সিস্টেম এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতিও বৈঠকে আলোচনা হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ প্যানেল থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সংসদের প্রায় ৬ মেগাওয়াট চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। এ সময় বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সংসদের ই-পার্লামেন্ট কার্যক্রম এবং শূন্য পদে জনবল নিয়োগের অগ্রগতিও তুলে ধরা হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া বৈঠকে সাচিবিক দায়িত্ব পালন করেন।
ব/নি-ব/জ