
বর্তমান নিউজ ডেস্ক
চট্টগ্রামের পটিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরে যায়। এতে সিএনজির যাত্রী ও চালকসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বোয়ালখালীর ইউপি সদস্য ইরিন সুলতানার এক পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট ভবনের উত্তরে বেপারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বোয়ালখালী থেকে পটিয়া থানার মোড়ের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে বিপরীত দিক থেকে আসা বোয়ালখালীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এরপর সিএনজিতে আগুন ধরে দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
আগুন থেকে বাঁচতে যাত্রীরা গাড়ি থেকে নামার চেষ্টা করেন। এ সময় ইরিন সুলতানা এক পায়ে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ইরিন সুলতানাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হামিম বলেন, সংঘর্ষের পরপরই সিএনজিতে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ব/নি-ব/জ