
বর্তমান নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান হয়তো অতিরিক্ত কঠোর ছিল। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে সীমান্ত বন্ধ ও অপরাধে জড়িত অভিবাসীদের বহিষ্কারের পদক্ষেপকে সফল বলে দাবি করেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিবাসন নীতি নির্বাচনে তাঁর দলকে একই সঙ্গে সহায়তা করেছে এবং ক্ষতিও করেছে। সীমান্ত বন্ধের জন্য নিজেকে ‘এ প্লাস’ দেওয়ার যোগ্য মনে করেন তিনি। তবে যাঁরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও সেখানে কাজ করছিলেন, তাঁদেরও বহিষ্কার করায় রাজনৈতিকভাবে ক্ষতি হয়েছে বলে স্বীকার করেন।
অভিবাসননীতি সীমা ছাড়িয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নীতিটি হয়তো “অতিরিক্ত কঠোর” ছিল। তিনি আরও বলেন, অভিবাসন ইস্যুতে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা করতে আগ্রহী। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকা এবং কাজ করা কিছু অভিবাসীকে বৈধভাবে থাকার সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনার ইঙ্গিত দিলেও কোনো নির্দিষ্ট পরিকল্পনা জানাননি।
মধ্যবর্তী নির্বাচনে দক্ষিণ টেক্সাসসহ লাতিনো ভোটার-অধ্যুষিত কয়েকটি এলাকায় রিপাবলিকানদের সমর্থন কমেছে। ভোটারদের একাংশের অসন্তোষের সঙ্গে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সিবিএস।
তবে নীতিতে পরিবর্তন আসছে কি না, তা স্পষ্ট নয়। সাক্ষাৎকার ধারণের পর ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে নিয়োগ দেন। মিলারকে প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অন্যতম পরিকল্পনাকারী হিসেবে দেখা হয়।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান ঘিরে বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। অভিযানের বিরুদ্ধে প্রতিবাদের সময় ফেডারেল কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক রেনে গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হন বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
ব/নি-ব/ত