
বর্তমান নিউজ ডেস্ক
বাংলাদেশসহ ১৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত পণ্য উৎপাদন করে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য সয়লাব করার অভিযোগে এসব দেশের বিরুদ্ধে তদন্ত করছে মার্কিন প্রশাসন।
মার্কিনিদের দাবি, অতিরিক্ত পণ্য উৎপাদনের ফলে যুক্তরাষ্ট্রের নিজস্ব শিল্প ও উৎপাদন খাত হুমকির মুখে পড়ছে। এ অভিযোগের ভিত্তিতে ‘সেকশন ৩০১’-এর আওতায় তদন্ত শুরু করেছেন দেশটির কর্মকর্তারা।

এর আগে ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে কয়েকটি দেশের শুল্কের হার কমানো হয়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল ঘোষণা করে। এরপর নতুন করে শুল্ক আরোপের পথ খুঁজতে তদন্ত শুরু করে মার্কিন প্রশাসন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে শুল্ক আরোপের ঘোষণা এলে বিশ্ববাণিজ্যে আবারও অস্থিরতা তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিভিন্ন দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে।

সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আগে যেসব দেশের শুল্ক নিয়ে চুক্তি হয়েছিল, সেসব চুক্তির বিষয় বিবেচনায় রেখেই নতুন শুল্ক নির্ধারণ করা হতে পারে।
বাংলাদেশ চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি’ করে। ওই চুক্তির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্কের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছিল।

নতুন করে শুল্ক আরোপের সম্ভাব্য তালিকায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।
ব/নি-ব/জ