
বর্তমান নিউজ ডেস্ক
মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড গড়লেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ৫০ ওভারের ম্যাচে মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। ইনিংসজুড়ে ২৮টি ছক্কা হাঁকিয়ে গড়েছেন এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড।

সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসে ছিল ২৮ বলে সেঞ্চুরি এবং ৪০ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করার কীর্তি। শেষ পর্যন্ত ৫২ বলেই পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। এর মধ্য দিয়ে পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নেন তিনি।
এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ২৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল ভারতের রঞ্জি ট্রফিতে তন্ময় আগারওয়ালের। আর ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ২৩ ছক্কার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ডি’আরচি শর্টের দখলে। দুজনকেই ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন সূর্যবংশী।

ব্যাটিংয়ের আরও একাধিক রেকর্ড ভেঙেছেন এই তরুণ। ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে এতদিন সর্বোচ্চ ৩৩৮.৬৩ স্ট্রাইকরেটের রেকর্ড ছিল এবি ডি ভিলিয়ার্সের। সূর্যবংশী ৩৮৪.৯০ স্ট্রাইকরেটে ব্যাট করে সেই রেকর্ডও নিজের করে নেন।
তার দুর্দান্ত ব্যাটিংয়ে দুইশর বেশি রানের লক্ষ্য তাড়া করে মাত্র ১৪.২ ওভারে জয় তুলে নেয় ভারত, যা এমন লক্ষ্য তাড়ায় দ্রুততম জয়ের রেকর্ড। এ ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে দলীয়ভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৩১টি ছক্কা হাঁকানোর কীর্তিও গড়েছে দলটি।

এর আগে গত বছর ভারতের ঘরোয়া ক্রিকেটে অরুণাচলের বিপক্ষে বিহারের হয়ে ৩৮টি ছক্কা হাঁকানো হয়েছিল। সেই ইনিংসে একাই ১৫টি ছক্কা মেরেছিলেন সূর্যবংশী। এবার ২৮ ছক্কার নতুন কীর্তিতে ক্রিকেটের রেকর্ডবুকে নিজের নাম আরও উজ্জ্বল করলেন ১৫ বছর বয়সী এই বিস্ময়বালক।
ব/নি-ব/জ