
বর্তমান নিউজ ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে গুলি চালিয়ে ছয়জনকে আহত করার ঘটনায় আলোচনায় আসা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’ আত্মসমর্পণ করতে চান। তবে আত্মসমর্পণের পর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নতুন মামলায় জড়ানো এবং দীর্ঘদিন কারাগারে থাকার আশঙ্কায় সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি।
এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সঙ্গে ফোনে কথা বলেছেন রায়হান। এ সময় পুলিশ কর্মকর্তা তাকে সেদিনই পুলিশের কাছে এসে আত্মসমর্পণের আহ্বান জানান। পাশাপাশি নিরাপত্তা ও আত্মসমর্পণের ব্যবস্থা করার আশ্বাস দেন। তবে দূরত্বের কারণে সেদিন পুলিশের কাছে যাওয়া সম্ভব নয় বলে জানান রায়হান। কথোপকথনের শেষদিকে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ ভাই, দেখা হবে।’ তবে আত্মসমর্পণের কোনো নির্দিষ্ট সময় জানাননি।

ফোনালাপে ফটিকছড়িতে ছয়জনকে গুলি করে আহত করার ঘটনা নিয়েও কথা হয়। রায়হানের দাবি, ঘটনার দিন তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কয়েকজন তার গাড়ি আটকানোর চেষ্টা করেন। কেন তার গাড়ির সামনে ও পেছনে লোকজন অবস্থান নিয়েছিলেন, তা জানেন না বলেও দাবি করেন তিনি। কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ ছিল না বলে জানান রায়হান।
গুলিতে আহত ব্যক্তিদের প্রসঙ্গ তুলে পুলিশ কর্মকর্তা ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করলে রায়হান দাবি করেন, তার কারণে গরিব বা অসহায় মানুষের কোনো ক্ষতি হচ্ছে না। কথোপকথনে কাদের নামের এক ব্যক্তির প্রসঙ্গও আসে। ওই ব্যক্তিকে শনাক্ত করতে সহযোগিতা করতে পারবেন কি না জানতে চাইলে রায়হান বলেন, ‘ভাই, আমি তো বেইমানি করতে পারব না।’ পরে এ বিষয়ে সরাসরি বসে কথা বলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সোমবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন। পুলিশের ভাষ্য, ওই এলাকায় রায়হানের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে চিনে আটকানোর চেষ্টা করলে তার সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যান।
পরদিন মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করেন রায়হান। তবে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে আহত ব্যক্তিদের কারও আর্থিক সহায়তা প্রয়োজন হলে তার সঙ্গে যোগাযোগ করার কথাও জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হান আলম ওরফে শুটার রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মোট ১৫টি মামলা রয়েছে। চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঢাকা পোস্টকে বলেন, সুয়াবিলের ঘটনার পর তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হলে পুলিশের হাতছাড়া হয়ে যাওয়ার পর তিনি ফোন করেন। তখন কৌশলে তাকে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়। আত্মসমর্পণ করলে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা না করার আশ্বাসও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রায়হানকে গ্রেপ্তারের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। তার আত্মসমর্পণের আগ্রহ কতটা বিশ্বাসযোগ্য, তা পুরোপুরি নিশ্চিত হওয়ার সুযোগ নেই। পুলিশ নিজস্ব প্রক্রিয়ায় কাজ করছে। তিনি আত্মসমর্পণ করুন কিংবা গ্রেপ্তার হোন, যেভাবেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে।
ব/নি-ব/জ