
বর্তমান নিউজ ডেস্ক
চট্টগ্রামে জামিনে মুক্তি পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম আদালত থেকে জামিন পান তিনি।
জামিনে মুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কামাল উদ্দিন বলেন, তাঁর বাসা ঘিরে একদল আওয়ামী লীগের সন্ত্রাসী মব করার চেষ্টা করছিল। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। কোনো মামলা না থাকায় জিডিমূলে তিনি জামিন পেয়েছেন বলে জানান। এ সময় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার কথা বলে যাব, আমি ভয় পাই না।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কামাল উদ্দিন বলেন, মহান আল্লাহর কাছে তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতার জন্য দোয়া করেন। একই সঙ্গে সরকার, প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, শুক্রবার স্থানীয় কয়েকজন ব্যক্তি কামাল উদ্দিনকে মারধরের চেষ্টা করছেন—এমন খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁর নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে জামিন দেন।
ওসি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানের আগে কামাল উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।
কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আওয়ামী লীগ সরকারের সময় তিনি চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবীও ছিলেন। রাজনৈতিকভাবে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির আত্মগোপনে থাকা নেতাদের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন কামাল উদ্দিন। বিদেশে অবস্থানরত নেতারা দেশে থাকা কর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানালেও তাঁদের বিপদে খোঁজখবর নেন না বলে অভিযোগ করে আসছিলেন তিনি।
গত ৮ অক্টোবর ফেসবুকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন কামাল উদ্দিন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় এ প্ল্যাটফর্মের কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান। কমিটিতে যুক্ত হতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বানও জানিয়েছিলেন তিনি। তাঁর এসব বক্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ব/নি-ব/জ