
বর্তমান নিউজ ডেস্ক
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, বাইরে থেকে কিছু নিক্ষেপের কারণেই বাড়িটিতে আগুনের সূত্রপাত হয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত শেষ হওয়ার আগে আগুন লাগানোর ঘটনাকে নাশকতা বলে চিহ্নিত করার সুযোগ নেই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের সময় ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের মধ্যে হইচই শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল একাধিকবার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার কিছু কথা বলা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বাইরে থেকে কিছু নিক্ষেপের কারণেই বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, বাড়িটি কোনো পরিত্যক্ত স্থাপনা ছিল না। সেখানে মানুষ বসবাস করতেন। ঘটনার রাতেও কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন বাড়িটিতে অবস্থান করছিলেন। ফলে আগুনের ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কাও ছিল।
নাহিদ ইসলামের দাবি, গত কয়েক দিন ধরে নুসরাত তাবাসসুমকে ফোনে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি হামলার হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার দুই দিন আগে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তাই অগ্নিকাণ্ডের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে পতিত ফ্যাসিস্ট শক্তির উল্লাস দেখা গেছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগও নিজেদের দায় স্বীকার করেছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, তারা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত দোষীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য দেবেন। কিন্তু মন্ত্রী ঘটনাটিকে অস্বীকার করার অবস্থান নিয়েছেন, যা দুঃখজনক।
দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং সমন্বয়কদের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরছে।
নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি সংসদে তথ্য-উপাত্তসহ বক্তব্য দিয়েছেন এবং অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই কীভাবে আগুন লাগানোর বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে, সে প্রশ্ন তোলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত রাত ১২টা ২০ মিনিটে ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সংসদ সদস্য নুসরাত তাবাসসুম তখন ঢাকায় ছিলেন। তার মা-বাবা ঘটনাস্থল থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা বাড়িতে থাকতেন। বাড়িটি সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত।
তিনি জানান, ঘটনাস্থলের দেয়াল, ঘরের মেঝে, বৈদ্যুতিক ওয়্যারিং, বাতি ও মিটারের ছবি সংগ্রহ করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আশপাশের লোকজনের বক্তব্যও নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবির সমন্বয়ে তদন্ত চলছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তার সংগ্রহ করা নথিপত্র সংসদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে ঘটনাস্থলে তার আলামত থাকার কথা। তবে আগুন অন্য কোনোভাবে লেগে থাকলেও তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ৭০৩। নুসরাত তাবাসসুম দুই দিন আগে কোনো জিডি করে থাকলে সে বিষয়েও জবাব দিতে তিনি প্রস্তুত। তবে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দায়ী করতে চান না বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ঘটনায় নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর দুর্ঘটনাবশত আগুন লেগে থাকলে তদন্ত প্রতিবেদনে সেটিও উঠে আসবে। তদন্ত মাত্র শুরু হয়েছে, এখনো শেষ হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের সরকারের আমলের মতো কোনো ঘটনা ঘটলেই কাউকে দায়ী করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বর্তমান সরকার। ফ্যাসিবাদের দোসররা এ ঘটনায় জড়িত থাকলে তদন্তে তা-ও বেরিয়ে আসবে।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলাকালে ১১ দলীয় জোটের সংসদ সদস্য হান্নান মাসুদসহ কয়েকজন দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন। এ সময় ডেপুটি স্পিকার সংসদীয় রীতিনীতি মেনে বক্তব্য শোনার আহ্বান জানান। বিরোধী দলের সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ পরে দেওয়া হবে বলেও জানান তিনি।
পরে ডেপুটি স্পিকার বলেন, জিডির পরিপ্রেক্ষিতে মামলা দায়ের ও তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন সংসদে উপস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত থাকলে সে অনুযায়ী তা সংসদে তুলে ধরা হবে।
এর আগে অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দাবি করেন, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তব্য করেছেন, সেখানে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। তবে তিনি নিজে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন এবং দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি বলে জানান। ফরেনসিক তদন্ত ছাড়া ওসি কীভাবে এমন মন্তব্য করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ব/নি-ব/ত