1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

জবিতে ভর্তি আবেদনে সুযোগ পাবেন ফেল করা শিক্ষার্থীরাও

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে বিশেষ সুযোগ পাচ্ছেন এইচএসসি ও সমমান পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা। সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া এসব শিক্ষার্থীও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১১ নভেম্বর) উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

তিনি জানান, এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে। তারা নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ও পরবর্তী সময়ে ভর্তির ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা পূরণ করতে পারলেই কেবল ভর্তির সুযোগ পাবেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইউনিটভিত্তিক ভর্তি যোগ্যতার শর্ত অনুযায়ী কোনো শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৩.০০ অথবা ৩.৫০ থাকলে তিনি প্রাথমিকভাবে আবেদন করার সুযোগ পাবেন। পরবর্তী সময়ে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ হলে বাকি শর্ত পূরণ করতে হবে। ফলাফলে নির্ধারিত যোগ্যতা অর্জন করতে পারলেই তার আবেদন কার্যকর হিসেবে বিবেচিত হবে এবং ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া একই সময়সূচি ও একই প্রশ্নপত্রে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টিও সভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে আবেদন করার ক্ষেত্রে নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করতে হবে। পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফলে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদন বাতিল হতে পারে। সে ক্ষেত্রে আবেদন বাতিল হলে জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে কি না, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন জানিয়েছেন, ভর্তি আবেদনের যোগ্যতা, শর্ত ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিস্তারিতভাবে জানিয়ে রেজিস্ট্রার দপ্তর থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ব/নি-/ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park