1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়ার সুযোগ নিয়ে রিজভীর প্রশ্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ পাবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হতে পারে, সে বিষয়ে জবাব দিতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে এ বক্তব্য দেন রিজভী।

রিজভী বলেন, ২০২৪ সালে একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতন হয়েছে এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন। অথচ এখন বলা হচ্ছে, তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করবেন। একজন পলাতক ব্যক্তি কীভাবে এসব সুযোগ পাবেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এমনকি তারেক রহমান লন্ডনে বক্তব্য দিলেও তা প্রচার করা যাবে না বলে জানানো হয়েছিল। সে সময় তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। তাহলে এখন একজন পলাতক ব্যক্তির পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচনা করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

তারেক রহমানের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, তারেক রহমান পলাতক ছিলেন না; বরং তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি প্রায় পঙ্গুত্বের পর্যায়ে চলে গিয়েছিলেন। চিকিৎসার প্রয়োজনে তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে দাবি করেন রিজভী। অন্যদিকে শেখ হাসিনা সবার চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের আন্দোলনে নিহতদের স্মৃতির কথা উল্লেখ করে রিজভী বলেন, আবু সাঈদ, আহনাফ ও মুগ্ধর রক্তের পাশাপাশি ১ হাজার ৪০০ শিশু, কিশোর ও তরুণের আত্মত্যাগের স্মৃতি এখনো মুছে যায়নি। মানবতাবিরোধী অপরাধের বিচার আইন ও সংবিধান অনুযায়ী নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে রিজভী বলেন, সত্যকে জনগণের সামনে উন্মুক্ত করা এবং আইনের শাসন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এ নির্বাচনে ‘আমি-ডামি’ কিংবা ‘মিডনাইট’ নির্বাচনের মতো পরিস্থিতি ছিল না; বরং সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আইনের যথাযথ ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করবে। আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার এ নীতির বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধা ও সৃজনশীলতার প্রশংসা করেন রিজভী। তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের অনেকের মধ্যেই ভবিষ্যতের আইনস্টাইন ও নিউটন হওয়ার মতো প্রতিভা রয়েছে। এসব তরুণ একদিন বিজ্ঞানী হয়ে বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ ছাড়া বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন gপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। প্রদর্শনী ও মূল্যায়ন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park