
বর্তমান নিউজ ডেস্ক।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল জব্বার।
বুধবার (২৫ নভেম্বর) তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মাওলানা আব্দুল জব্বার বলেন, রাতের অন্ধকারে মানুষের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের বর্বরতা পাকিস্তানি বাহিনীর নৃশংসতাকেও হার মানায়।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষের জানমাল ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার যেন ন্যায়বিচার পায়, সে জন্য ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। কোনো অপরাধী যেন রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব খাটিয়ে পার পেয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
এদিকে সিদ্ধিরগঞ্জে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।