1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর নিয়ে বিভ্রান্তি এক বছর পর ৮ বিভাগে তাফসির মাহফিলে আসছেন আজহারী আত্মসমর্পণে আগ্রহী ‘শুটার রায়হান’, ভয় রাজনৈতিক প্রতিহিংসার ডিসেম্বরে নাশকতার শঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি বাংলাদেশসহ ১৬ দেশ ও ইইউর ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে প্রার্থী লিপি খন্দকার, সবার দোয়া ও সহযোগিতা কামনা নারায়ণগঞ্জের নারী নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র খোরশেদা আলম লিপি খন্দকার, সমাজসেবায় অনন্য অবদান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ২৮০ বোতল জব্দ এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

বাড়ি গুঁড়িয়ে লুটপাট, ১৪ আসামি অধরা—সিদ্ধিরগঞ্জ থানা কি শুধু মামলা নেওয়ার প্রতিষ্ঠান?-এলাকাবাসী

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে রাজি না হওয়ায় একটি পরিবারের বসতবাড়ি ও স্বজনদের স্থাপনা রাতের আঁধারে ভেকু (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, আসবাবপত্র, মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটেরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনায় ক্ষয়ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা দায়েরের পরও মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতের শেষভাগে ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ৮ নম্বর রোডের ‘মা ভিলা’ নামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির বাসিন্দা সুলতানা ওমর স্বাধীনা (৫৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলায় নাম উল্লেখ করা ১৪ আসামি হলেন—মো. শাহিন (৪০), মো. সজীব (৪০), নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল (৩২), নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাদির (৩০), সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন (২৮), মো. মেহের আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), নাসিক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সীর দেহরক্ষী মো. সবুজ (২৮), মো. রিদয় (২৫), মো. শরীফ (২৭), মো. প্রিতম (২৫), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহযুববিষয়ক সম্পাদক মো. মাহাবুব (৩৫) ও মো. জসিম (৬০)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে সুলতানা উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে বসবাস করছেন। প্রায় ছয় মাস ধরে অভিযুক্তদের একজন শাহিন তাঁকে জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সুলতানার অভিযোগ, ঘটনার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু ও ট্রাকসহ অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করেন। পরে ভেকু দিয়ে চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, পোশাক ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বাড়ির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

একই সময়ে সুলতানার বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয় বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ও ভবনসংবলিত বেকারিটিও ভেকু দিয়ে ধ্বংস করা হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সে থাকা ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেছেন সুলতানা।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে মামলা দায়েরের পরও মঙ্গলবার রাত পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বসতবাড়ি হারিয়ে সুলতানা ও তাঁর সন্তানরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। অন্যদিকে স্বজনদের বাড়িঘর ও জীবিকার অন্যতম অবলম্বন বেকারি ধ্বংস হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও বিপাকে পড়েছে।

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park