
বর্তমান নিউজ ডেস্ক
পদ-পদবি ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ভবিষ্যতে কেউ যেন গুম-খুনের মতো গুরুতর অপরাধে জড়াতে সাহস না পায়, সে জন্য এসব অপরাধের দৃশ্যমান বিচার নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, এ ধরনের অপরাধের বিচার এমনভাবে হতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি নিজের পদমর্যাদা, ক্ষমতা কিংবা প্রভাব ব্যবহার করে কাউকে গুম বা হত্যার মতো অপরাধে জড়ানোর সাহস না পান।
অ্যাটর্নি জেনারেল বলেন, পদ-পদবি কখনোই অপরাধ সংঘটনের ঢাল হতে পারে না। দায়িত্বশীল অবস্থানে থেকে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে তারও আইনের আওতায় আসা প্রয়োজন। এ ধরনের অপরাধের যথাযথ বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে একই ধরনের অপরাধ সংঘটনের ক্ষেত্রে তা প্রতিরোধমূলক ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, গুম-খুনের মতো অপরাধের বিচার শুধু শাস্তি প্রদানের বিষয় নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকানোর জন্যও গুরুত্বপূর্ণ। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয়, পদমর্যাদা কিংবা ক্ষমতার অবস্থান বিবেচনায় না নিয়ে আইনের ভিত্তিতে বিচার হওয়া প্রয়োজন। বিচারপ্রক্রিয়ায় অপরাধের গুরুত্ব, সংশ্লিষ্ট আইন এবং প্রযোজ্য বিচারিক নজির যথাযথভাবে বিবেচনায় নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
অ্যাটর্নি জেনারেল জানান, এ ধরনের অপরাধের বিচার নিয়ে বাংলাদেশের প্রচলিত আইন, দেশীয় ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অবস্থান এবং সংশ্লিষ্ট আইনি ব্যাখ্যা যুক্তিতর্কের মাধ্যমে তুলে ধরা হবে। কোন আইনি কাঠামোর অধীনে এসব অপরাধের বিচার হতে পারে, সে বিষয়ে প্রাসঙ্গিক আইন ও বিধান আদালতের সামনে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গুম, হত্যা এবং এ ধরনের গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের ক্ষেত্রে কী ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা-ও তুলে ধরা হবে। বিভিন্ন দেশের বিচারিক সিদ্ধান্ত, অপরাধের ধরন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দণ্ড দেওয়ার নজির যুক্তিতর্কে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের অপরাধের বিচার কীভাবে বিবেচিত হয়েছে, সে বিষয়ে আদালতকে অবহিত করা হবে।
ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের মতে, গুম-খুনের মতো অপরাধের ক্ষেত্রে দৃশ্যমান ও কার্যকর বিচার নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার প্রভাব খাটিয়ে এ ধরনের অপরাধে জড়ানোর সুযোগ বা সাহস না পান। অপরাধের বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার মধ্য দিয়েই ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট বার্তা দেওয়া সম্ভব বলে তিনি মনে করেন।
ব/নি-ব/জ