
বর্তমান নিউজ ডেস্ক
বিশ্বজুড়ে গেমারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তির প্রথম দিনেই আয়ের নতুন ইতিহাস গড়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (GTA 6)। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় গেমটি বিশ্বব্যাপী ৩ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলারের খুচরা বিক্রয় আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৬ হাজার কোটি টাকা। এর মধ্য দিয়ে বিনোদনজগতের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী বাণিজ্যিক সাফল্যের রেকর্ড গড়েছে গেমটি।
শুক্রবার (২০ নভেম্বর) গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ (Take-Two Interactive) এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ১৯ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তির দিন শেষে এই বিক্রির পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির আগেই GTA 6-এর ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল। এটিও বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে নতুন প্রি-রিলিজ বিক্রির রেকর্ড। গেমটির প্রতি বিশ্বজুড়ে গেমারদের ব্যাপক আগ্রহের কারণে মুক্তির আগেই বিপুল পরিমাণ বিক্রি নিশ্চিত হয়েছিল।
GTA 6-এর এই আয় আগের সংস্করণ GTA 5-এর উদ্বোধনী সাফল্যকেও অনেক পেছনে ফেলেছে। ২০১৩ সালে মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় GTA 5 প্রায় ৮০০ মিলিয়ন ডলারের ব্যবসা করেছিল। সেই হিসাবে নতুন সংস্করণটি প্রথম দিনেই আগের গেমটির তুলনায় প্রায় ৪ দশমিক ৭ গুণ বেশি বিক্রি করেছে।
শুধু ভিডিও গেম নয়, সিনেমাসহ বিনোদনজগতের অন্যান্য বড় উদ্বোধনী সাফল্যকেও ছাড়িয়ে গেছে GTA 6। এমনকি বিশ্বব্যাপী প্রায় ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার আয় করা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বক্স অফিস আয়ের রেকর্ডের সঙ্গেও তুলনায় উঠে এসেছে গেমটি।
রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার বিশ্বজুড়ে খেলোয়াড়দের এমন সাড়া পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, GTA 6-এর মাধ্যমে রকস্টার গেমসের নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া সাড়ায় তারা অভিভূত।
গেমটির গল্প সাজানো হয়েছে যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডাকে কেন্দ্র করে। এর অন্যতম প্রধান শহর ভাইস সিটি। গল্পের প্রধান দুই চরিত্র জেসন ডুভাল ও লুসিয়া ক্যামিনোস। তাদের জীবন, সম্পর্ক ও নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে গেমটির কাহিনি।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ ১৩ বছর পর GTA সিরিজের নতুন সংস্করণ প্রকাশ, উন্নত গ্রাফিক্স, বিশাল গেমিং জগৎ এবং নতুন গল্পের কারণে গেমটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল আগে থেকেই। প্রথম দিনের বিপুল বিক্রি ভিডিও গেম শিল্পে নতুন বাণিজ্যিক মানদণ্ড তৈরি করেছে।
তবে উল্লেখ্য, ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার হলো গেমটির খুচরা বিক্রির পরিমাণ; এটি সরাসরি নির্মাতা প্রতিষ্ঠানের নিট মুনাফা নয়।
ব/নি-ব/ত