
বর্তমান নিউজ ডেস্ক
ইউরোপের দেশ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে রেকর্ডসংখ্যক প্রায় দেড় হাজার অভিবাসী পৌঁছেছেন। ২০২০ সালের পর থেকে এক দিনে এত বেশি অভিবাসী পৌঁছানোর ঘটনা এটিই প্রথম। রোববার সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইএফই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের কোস্টগার্ডের সহায়তায় ১৪টি নৌকা থেকে মোট ১ হাজার ৪৮৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, এর আগে এক দিনে সর্বোচ্চসংখ্যক অভিবাসী উদ্ধারের রেকর্ড ছিল ২০২০ সালের ৭ নভেম্বর। সেদিন ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূল থেকে ১ হাজার ৪৬১ জনকে উদ্ধার করা হয়েছিল। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
চলতি বছরের প্রথম দিকে গত বছরের একই সময়ের তুলনায় অভিবাসীদের আগমনের হার কিছুটা কম থাকলেও গত মাসে তা হঠাৎ বেড়ে যায়। এতে ক্যানারি দ্বীপপুঞ্জের কয়েকটি অঞ্চলে অভ্যর্থনা কেন্দ্র ও জরুরি সেবা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ছোট ও কম জনবহুল দ্বীপগুলো পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার উদ্ধার হওয়া একটি নৌকায় ১২ জন নারী ও ৩৬ শিশুসহ মোট ২৪০ জন অভিবাসী ছিলেন। তাঁদের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম ছোট দ্বীপ এল হিয়েরোতে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই সেনেগাল, গাম্বিয়া ও গিনি-কোনাক্রির নাগরিক।
এ ছাড়া এল হিয়েরো দ্বীপে মোট ১২টি নৌকা পৌঁছেছে। পাশাপাশি গ্রান কানারিয়ায় একটি এবং টেনেরিফে আরও একটি নৌকা ভিড়েছে। অভিবাসীদের আকস্মিক এই আগমন নিয়ে আলোচনা করতে স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী আনহেল ভিক্টর তোরেসের রোববার এল হিয়েরো দ্বীপ সফরের কথা রয়েছে।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন পথ হিসেবে পরিচিত। প্রতিকূল আবহাওয়া, প্রবল সমুদ্রস্রোত ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় এই ঝুঁকিপূর্ণ যাত্রা করেন।
সাধারণত শরৎকালে এই রুটে সমুদ্রের আবহাওয়া তুলনামূলক শান্ত ও অনুকূল থাকে। ফলে এ সময় অভিবাসীদের আগমন বাড়তে দেখা যায়। স্পেনের সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের পৌঁছানোর হার গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল।
ব/নি-ব/ত