
বর্তমান নিউজ ডেস্ক
বিশ্বভ্রমণে বেরিয়ে এক ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন চীনের এক দম্পতি। বিভিন্ন দেশ ঘুরে অবশেষে তুরস্কে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন আট বছর ধরে বিবাহিত মোইয়ান সং ও লুওশি শু। মুসলমানদের আতিথেয়তা, আন্তরিকতা, সুন্দর আচরণ এবং পবিত্র কোরআনের সংস্পর্শ তাদের জীবনে এনে দিয়েছে নতুন পরিবর্তন। ইসলাম গ্রহণের পর ইসলামী রীতি অনুযায়ী নতুন করে বিয়েও সম্পন্ন করেছেন তারা।

প্রায় দুই বছর আগে চীনের রাজধানী বেইজিংয়ের চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন এই দম্পতি। তাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের সংস্কৃতি, মানুষের জীবনযাপন ও নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়া। ইন্দোনেশিয়া থেকে শুরু হওয়া তাদের এই যাত্রা একপর্যায়ে পৌঁছায় তুরস্কে। সেখানেই ঘটে এমন এক ঘটনা, যা তাদের জীবনের গতিপথ বদলে দেয়।
তুরস্কের আনতালিয়া শহরে এক অবসরপ্রাপ্ত নার্স আয়সেল ও তার পরিবারের সঙ্গে পরিচয় হয় চীনা দম্পতির। আগে থেকে তাদের মধ্যে কোনো পরিচয় ছিল না। ভাষাগত পার্থক্যের কারণে শুরুতে যোগাযোগেও কিছুটা সমস্যা হচ্ছিল। তবে চীনা ও কোরীয় টেলিভিশন সিরিজের প্রতি আয়সেলের আগ্রহ তাদের মধ্যে কথাবার্তা শুরু করার সুযোগ তৈরি করে।
প্রথমে নিজেদের ভাষায় কথা বলার চেষ্টা করেন আয়সেল। পরে ইংরেজি ও অনুবাদ অ্যাপের সাহায্যে কথোপকথন এগিয়ে চলে। অল্প সময়ের মধ্যেই দুই পরিবারের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আয়সেল চীনা দম্পতিকে নিজের বাড়িতে ঐতিহ্যবাহী তুর্কি নাশতার আমন্ত্রণ জানান।
পরদিন সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আয়সেলের বাড়িতে যান মোইয়ান সং ও লুওশি শু। সেখানে তুর্কি খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। একপর্যায়ে তাদের আলোচনায় উঠে আসে ইসলাম ধর্ম। চীনা দম্পতি ইসলাম সম্পর্কে নানা প্রশ্ন করেন এবং ধর্মটির শিক্ষা ও বিশ্বাস সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।
তাদের আগ্রহ দেখে আয়সেল পবিত্র কোরআনের একটি কপি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানান, ইসলাম গ্রহণে কাউকে উদ্বুদ্ধ করা তার উদ্দেশ্য ছিল না। বরং মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে জানার সুযোগ করে দিতেই তিনি কোরআন উপহার দিয়েছিলেন।
কোরআনের উপহার বদলে দিল জীবনের পথ
আয়সেলের কাছ থেকে পবিত্র কোরআন উপহার পাওয়ার পর চীনা দম্পতির মধ্যে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ আরও বেড়ে যায়। তুরস্ক ছেড়ে চলে যাওয়ার পরও দুই পরিবারের যোগাযোগ অব্যাহত থাকে। বার্তা আদান-প্রদানের মাধ্যমে তারা নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগাভাগি করতেন।
একপর্যায়ে আয়সেল একটি বার্তা পান, যেখানে চীনা দম্পতি কোরআনের উপহার পেয়ে তাদের ভালো লাগার কথা জানান। পবিত্র কোরআন তাদের গভীরভাবে প্রভাবিত করেছে বলেও উল্লেখ করেন তারা।
পরবর্তী সময়ে চীনে ফিরে গিয়ে ইসলাম সম্পর্কে আরও জানার চেষ্টা করেন মোইয়ান সং ও লুওশি শু। বিভিন্ন বিষয় জানার পর তারা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে তাদের ইচ্ছা ছিল, যে শহরে তুর্কি পরিবারের সঙ্গে পরিচয় এবং কোরআন উপহার পাওয়ার ঘটনা ঘটেছিল, সেখানেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করবেন।
সেই সিদ্ধান্ত থেকেই আবারও তুরস্কের আনতালিয়ায় ফিরে আসেন তারা। এবার তাদের ভ্রমণের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা। পর্যটন কিংবা নতুন কোনো দর্শনীয় স্থান ঘুরে দেখা নয়, বরং জীবনের নতুন ধর্মীয় পরিচয় গ্রহণ করতেই তাদের এই প্রত্যাবর্তন।
মসজিদে ইসলাম গ্রহণ, নতুন নাম গ্রহণ
তুরস্কের আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে তুর্কি পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মসজিদের ইমাম ও মুসল্লিদের উপস্থিতিতে ইসলাম গ্রহণের পর নতুন নামও বেছে নেন এই দম্পতি।
মোইয়ান সংয়ের নতুন নাম রাখা হয় মুহাম্মদ মুরাদ এবং তার স্ত্রী লুওশি শুর নাম হয় লায়লা বাতুল।
ইসলাম গ্রহণের পর আট বছর আগে সম্পন্ন হওয়া তাদের বিয়েও ইসলামী রীতি অনুযায়ী নতুন করে সম্পন্ন করেন কাজি মুহাম্মদ কুশুক। এর মধ্য দিয়ে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি দাম্পত্য জীবনেও নতুন অধ্যায়ের সূচনা করেন তারা।
কেন ইসলামের প্রতি আকৃষ্ট হলেন এই দম্পতি
ইসলাম গ্রহণের পেছনের কারণ জানাতে গিয়ে মুহাম্মদ মুরাদ বলেন, বিভিন্ন দেশে ভ্রমণের সময় মুসলমানদের মধ্যে যে দয়া, সততা, আতিথেয়তা ও সুন্দর আচরণ দেখেছেন, তা তাকে এবং তার স্ত্রীকে গভীরভাবে প্রভাবিত করেছে।
তিনি জানান, ইসলাম গ্রহণের জন্য কেউ তাদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করেননি। বরং মুসলমানদের ব্যক্তিগত আচরণ পর্যবেক্ষণ এবং ইসলাম ধর্মের শিক্ষা সম্পর্কে জানার আগ্রহ থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
ইসলাম গ্রহণের পর জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও জানান মুহাম্মদ মুরাদ। এখন তারা আগের তুলনায় বেশি মানসিক প্রশান্তি অনুভব করেন। বিভিন্ন সমস্যার মুখোমুখি হলে শান্ত থাকার চেষ্টা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন।

তার স্ত্রী লায়লা বাতুলও ইসলাম গ্রহণ করে আনন্দিত। ধর্ম সম্পর্কে আরও জ্ঞান অর্জনের জন্য তিনি চীনা ভাষায় লেখা ইসলামী বই পড়া শুরু করেছেন।
পর্যটক থেকে পারিবারিক সম্পর্কে আবদ্ধ দুই পরিবার
চীনা দম্পতির সঙ্গে তুর্কি পরিবারের পরিচয় এখন আর কেবল ভ্রমণকালীন বন্ধুত্বে সীমাবদ্ধ নেই। সময়ের সঙ্গে দুই পরিবারের মধ্যে গড়ে উঠেছে গভীর পারিবারিক সম্পর্ক।
আবদুর রহমান আককোজ জানান, একদিন মুহাম্মদ মুরাদ তাকে সঙ্গে নিয়ে মসজিদে যাওয়ার অনুরোধ করেন। সেখানে নামাজ আদায়ের সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। ঘটনাটি তাদের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ স্মৃতি হয়ে রয়েছে।
এদিকে তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে চীনা দম্পতিকে চীনা ভাষায় অনূদিত তাফসিরসহ পবিত্র কোরআনের কয়েকটি কপি উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামি শিক্ষাবিষয়ক বিভিন্ন বইও তাদের হাতে তুলে দেওয়া হয়, যাতে তারা নিজেদের ভাষায় ধর্ম সম্পর্কে আরও জানতে পারেন।
সম্পর্কের গভীরতা এতটাই বেড়েছে যে চীনা দম্পতি আবদুর রহমান ও তার স্ত্রীকে দাদা-দাদি বলে সম্বোধন করেন। অন্যদিকে তুর্কি পরিবারও তাদের নিজেদের সন্তানের মতো মনে করেন।
আবদুর রহমান বলেন, সং ও শুকে এখন তারা নিজেদের সন্তানের মতোই ভালোবাসেন। তাদের কাছ থেকে বার্তা বা ফোনকল পেলে নিজেদের সন্তানদের সঙ্গে যোগাযোগের মতোই আনন্দ অনুভব করেন।
বিশ্বভ্রমণে বেরিয়ে নতুন দেশ, নতুন সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হওয়ার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিলেন চীনা এই দম্পতি। কিন্তু তুরস্কের একটি পরিবারের আন্তরিক আতিথেয়তা এবং পবিত্র কোরআনের সংস্পর্শ তাদের জীবনে এনে দিয়েছে সম্পূর্ণ নতুন এক অধ্যায়। পর্যটক হিসেবে শুরু হওয়া সেই পরিচয় শেষ পর্যন্ত রূপ নিয়েছে ধর্মীয় ও পারিবারিক বন্ধনে।
সূত্র: আল জাজিরা
ব/নি-ব/জ