
বর্তমান নিউজ ডেস্ক
লিওনেল মেসির অবসরের পর নতুন করে দল গড়ার চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের পর এবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে দলটির। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মার্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই দেখা যেতে পারে।
টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটি হলে ২০১৯ সালের পর প্রথমবার প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল।
এখনো এ বিষয়ে আলোচনা চলছে। তবে দুই দলই এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্ব ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৮ কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতেই এ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
সর্বশেষ ২০১৯ সালের ১৫ নভেম্বর প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। সৌদি আরবের আল আওয়াল পার্কে অনুষ্ঠিত সেই ম্যাচে লিওনেল মেসির একমাত্র গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
সেই জয়ের পর থেকে ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ে আর্জেন্টিনার সাফল্যের ধারাবাহিকতা তৈরি হয়। পরবর্তী সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা তিনটি জয় ও একটি ড্র পেয়েছে। এর মধ্যে কোপা আমেরিকার ফাইনাল এবং মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।
এদিকে মেসিকে ছাড়া দল পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নতুন খেলোয়াড়দের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ খেলোয়াড়দের কাছ থেকে এখনই পুরো দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার প্রত্যাশা করা ঠিক হবে না।
স্কালোনির মতে, তরুণদের নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ দিতে হবে। সঠিক সময় ও পরিস্থিতি তৈরি হলে তারা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারবে। তাই নতুন দল গড়ে তুলতে সময় ও ধৈর্য প্রয়োজন।
ব/নি-ব/জ