
বর্তমান নিউজ ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রসগোল্লা বলে দেশীয় বোমা খাওয়ানোর অভিযোগে রাজেন্দ্র বারোচিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মুখে দেওয়ার পর কামড় দিতেই বোমাটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় অভিযুক্ত রাম ভগত বারোচিয়াসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) রাতে জেলার কোটওয়ালি থানার অন্তর্গত পাদারিয়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। রাজেন্দ্র নিজের বাড়িতে বসে ছিলেন। এ সময় সেখানে আসেন অভিযুক্ত রাম ভগত। অভিযোগ, কথাবার্তার একপর্যায়ে তিনি রাজেন্দ্রর হাতে একটি দেশীয় বোমা তুলে দেন। সেটিকে রসগোল্লা বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
রাজেন্দ্র সেটি মুখে নিয়ে কামড় দিতেই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহতের স্ত্রী সুশীলা বাই জানান, বস্তুটি পশু শিকারের কাজে ব্যবহৃত বোমা ছিল। বিস্ফোরণের শব্দ শুনে তিনি প্রতিবেশীদের সহায়তা চান এবং দ্রুত রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
কোটওয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে জানান, ঘটনার পর রাম ভগতসহ আরও একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাম ভগত দাবি করেছেন, এক কিশোর তাকে বোমাটি দিয়েছিল। ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, তা-সহ সব দিক খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে বোমাটি রাজেন্দ্রর হাতে পৌঁছেছিল এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা চলছে।
ব/নি-ব/ত