1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শ্যামা পূজা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জে আমলাপাড়া শ্যামা পূজা কমিটির উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আমলাপাড়া কে. সি. নাগ রোড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
প্রধান অতিথির বক্তব্যে তারেক আল মেহেদী বলেন, বর্তমান সময়ে সিভিল সোসাইটি ও বিত্তবানদের উদ্যোগে এ ধরনের সৃজনশীল আয়োজন করা অত্যন্ত জরুরি। বর্তমানে শিশুরা দিনের অধিকাংশ সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। খাওয়ার সময়, ঘুমানোর সময়, এমনকি বাথরুমে যাওয়ার সময়ও অনেক শিশুর মোবাইল প্রয়োজন হয়।
তিনি বলেন, শিশুরা যখন চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি কিংবা বিতর্ক প্রতিযোগিতার মতো সৃজনশীল কর্মকাণ্ডে মনোনিবেশ করবে, তখন স্বাভাবিকভাবেই তারা মোবাইল ফোন থেকে দূরে থাকবে। মোবাইল ফোনের অপব্যবহারের মাধ্যমে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। বিশেষ করে মেয়েরা অনেক সময় বিভিন্ন প্রলোভন ও প্রেমের ফাঁদে পড়ে বিপথগামী হচ্ছে। তাই এ ধরনের প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে হবে। এতে তারা মোবাইল আসক্তি ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়াশোনা, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চায় মনোযোগী হতে পারবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহা বলেন, আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যেসব শিশু-কিশোর অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই অত্যন্ত সুন্দরভাবে তাদের শিল্পকর্ম উপস্থাপন করেছে। সেখান থেকে সেরা নয়জনকে বাছাই করা ছিল অত্যন্ত কঠিন কাজ।
তিনি আশা প্রকাশ করে বলেন, আজ যারা পুরস্কৃত হয়েছে, তাদের অনুপ্রেরণায় ভবিষ্যতে আরও বেশি শিশু-কিশোর এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
এ সময় তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের নিয়ে ড্রিম হলিডে পার্কে ঘুরতে যাওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আমলাপাড়া শ্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এবং সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ী নয়জন শিশুর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park