1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
  3. towhid2026@gmail.com : md towhid : md towhid
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

হাফ ভাড়া নিয়ে ছাত্রীকে হেনস্তা, ঢাবিতে আটক ২০ বাস

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:

হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তাঁর মায়ের সঙ্গে অসদাচরণ ও হেনস্তার অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নীলক্ষেত মোড় থেকে বাসগুলো আটক করে বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে রাখা হয়। ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবহনটির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাজিয়া আফরিন মেহা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার (২৭ নভেম্বর) ঠিকানা পরিবহনের কর্মীদের হাতে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার বিবরণ প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে মেহা জানান, শুক্রবার সকালে তিনি তাঁর মা ও বোনকে নিয়ে ঠিকানা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১৫-৭৬২২৬) সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন। বাসের কর্মীরা ভাড়া ৯০ টাকা দাবি করেন। তবে তাঁর জানা ছিল ভাড়া ৭০ টাকা। নিয়মিত বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করায় ভাড়া বাড়ার বিষয়টি তাঁর জানা ছিল না।

ভাড়া নিয়ে কথা বলার একপর্যায়ে বাসের হেলপার তাঁর সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং হাফ ভাড়া নেওয়ার বিষয়ে আপত্তি জানান। পরে তাঁরা পুরো ভাড়া পরিশোধ করলেও বাসের কর্মীরা তাঁদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

মেহার অভিযোগ, বাসের চালক তাঁকে বলেন, এখন থেকে আর হাফ ভাড়া নেওয়া হবে না, সবাইকে পুরো ভাড়া দিতে হবে। জবাবে তিনি শিক্ষার্থী পরিচয়পত্র দেখিয়ে বলেন, শিক্ষার্থীদের সপ্তাহের সাত দিনই হাফ ভাড়া দেওয়ার নিয়ম রয়েছে।

বাস থেকে নামার পর তাঁর মাকে উদ্দেশ করে হেলপার অপমানজনক মন্তব্য করেন বলেও অভিযোগ করেন মেহা। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।

ঘটনার প্রতিবাদে বাস আটকের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে পরিবহনটির কর্মীরা চরম অসদাচরণ করেছেন। গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে এমন দুর্ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের দাবিতেই ২০টির বেশি বাস আটক করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ঠিকানা পরিবহনের কর্মীরা প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে বিরোধে জড়ান, মাঝপথে নামিয়ে দেন এবং অপমানজনক আচরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা বলেন, শিক্ষার্থী পরিচয় দিলেই বাসটির হেলপাররা অনেক সময় অপমানজনক কথা বলেন। একদিন হাফ ভাড়া দিতে চাইলে তাঁকে বাসে উঠতে দেওয়া হয়নি। পুরো ভাড়া না দিলে বাসে ওঠা যাবে না বলে জানিয়ে বাসটি চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী শিক্ষার্থী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার পর গত পাঁচ বছর ধরে ঠিকানা পরিবহনে যাতায়াত করছেন তিনি। এ সময়ে একাধিকবার ভাড়া নিয়ে সমস্যায় পড়েছেন এবং পরিবহনটির কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। তাঁর আরও অভিযোগ, বিকেলের পর নারী যাত্রীদের বাসে উঠতে দিতে চান না কর্মীরা। অনেক সময় হেলপার গেট আটকে দাঁড়িয়ে থাকেন।

এদিকে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আটক বাসগুলো মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন জানিয়েছেন, উভয় পক্ষকে ডেকে আপাতত বিষয়টির সমাধান করা হয়েছে।

তিনি বলেন, উভয় পক্ষকে ডেকে মুচলেকা নেওয়া হয়েছে। পরিবহনটির কর্মীরা ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কোনো শিক্ষার্থীর সঙ্গেই রূঢ় আচরণ করতে পারবেন না।

প্রক্টর আরও বলেন, ঠিকানা পরিবহনের একাধিক মালিক থাকায় পরবর্তী সময়ে তাঁদের সঙ্গে বৈঠক করা হবে। পাশাপাশি বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের অধিকার-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এসব নীতিমালা বাসের ভেতরে লিখিতভাবে সংরক্ষণের ব্যবস্থাও করা হবে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park