
বর্তমান নিউজ ডেস্ক
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা আন্দোলন, বিক্ষোভ ও সংঘর্ষের পর অবশেষে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে মজুরি বৃদ্ধির পাশাপাশি বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছেন শ্রমিকরা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুর, উলাইল, পল্লীবিদ্যুৎ, বাইপাইল ও ডিইপিজেড এলাকার অধিকাংশ পোশাক কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলতে দেখা গেছে।
শ্রমিকরা জানান, নিম্নতম মজুরি বোর্ডের ঘোষিত সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন। তবে কয়েক বছর ধরে কর্মরত যেসব শ্রমিকের বেতন ইতোমধ্যে ঘোষিত ন্যূনতম মজুরির কাছাকাছি পৌঁছেছে, তাদেরও নির্ধারিত গ্রেড অনুযায়ী সমানুপাতিক হারে বেতন বাড়ানোর দাবি জানান তারা। পাশাপাশি বাড়ির মালিকদের ভাড়া বৃদ্ধি না করার অনুরোধ জানিয়েছেন।
শেফালি নামে এক পোশাকশ্রমিক বলেন, ন্যূনতম মজুরি যা ঘোষণা করা হয়েছে, সবাই তা মেনে নিয়েছেন। টানা আন্দোলনের কারণে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ ছিল। সেই ক্ষতি পুষিয়ে নিতে শ্রমিকরা উৎপাদন বাড়ানোর চেষ্টা করবেন।
আমিনুল ইসলাম নামে আরেক শ্রমিক বলেন, সরকারকে অভিনন্দন জানাই, আমাদের মজুরি বৃদ্ধি করা হয়েছে। তবে মালিকপক্ষ যদি সবার বেতন সুষ্ঠুভাবে শতাংশের ভিত্তিতে বাড়ায়, তাহলে শ্রমিকরা আরও বেশি উপকৃত হবেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, পোশাকশ্রমিকরা অনেকটা বাধ্য হয়েই ন্যূনতম মজুরির সিদ্ধান্ত মেনে নিচ্ছেন। চাকরি হারানোর ঝুঁকি এবং কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও এর অন্যতম কারণ।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকদের বেতনও শতাংশের ভিত্তিতে বাড়াতে হবে। কারণ, একই কারখানায় কয়েক বছর কাজ করার ফলে অনেক শ্রমিকের বেতন বর্তমান গ্রেডের কাছাকাছি পৌঁছেছে। তাই তাদের বেতন যথাযথভাবে সমন্বয় করা প্রয়োজন।
আল-মুসলিম গ্রুপের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) আবু রায়হান ঢাকা পোস্টকে জানান, তাদের তিনটি পোশাক কারখানায় প্রায় ২৫ হাজার শ্রমিক রয়েছেন। সবাই শান্তিপূর্ণভাবে কাজ করছেন। নিম্নতম মজুরি বোর্ডের নির্ধারিত মজুরিতে শ্রমিকরা সন্তুষ্ট এবং তারাও বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে জানান, শনিবার সকালে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শ্রম আইনের ১৩(১) ধারায় ১২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ব/নি-ব/জ