
দিনাজপুর প্রতিনিধি:বর্তমান নিউজ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাড়াই ও রাঙামাটিতে পৃথকভাবে শুরু হয়েছে সার্বজনীন শ্রীশ্রী বলাকালী পূজা ও মেলা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১০ দিনব্যাপী এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) পৃথক দুটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে পূজা ও মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও সমাজসেবক আনন্দ কুমার গুপ্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম. শাহাদাত হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

বাড়াই শ্রীশ্রী বলাকালী মন্দিরের সভাপতি শ্রী খোকন চন্দ্র রায় এবং রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বলাকালী মন্দিরের সভাপতি বাবু শ্রী উজ্জ্বল রায় নিজ নিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ দিনব্যাপী এ আয়োজনে প্রতিদিন ধর্মীয় রীতিনীতি অনুসারে পূজার্চনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির প্রাঙ্গণে বসবে ঐতিহ্যবাহী মেলা। এতে স্থানীয় ভক্ত-পুণ্যার্থী ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

পূজা ও মেলাকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মেলাটি স্থানীয় মানুষের মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, বাড়াই শ্রীশ্রী বলাকালী পূজা এবার ১০৭তম বছরে এবং রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বলাকালী পূজা ১২৬তম বছরে পদার্পণ করেছে। দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে প্রতিবছরই ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ পূজার আয়োজন করা হয়।
ব/নি-ব/জ