
বর্তমান নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী টাইমের ২০২৬ সালের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজের বিতর্কিত ট্যাকলের একটি স্থিরচিত্র। স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসিকে করা এনজোর সেই ফাউলের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন আল বেল্লো।
বছর শেষ হওয়ার আগেই ২০২৬ সালের সেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে টাইম। এতে স্থান পাওয়া ছবিটিতে দেখা যায়, এনজোর কঠিন ট্যাকলের আঘাতে স্প্যানিশ ডিফেন্ডার কুবারসি শূন্যে উঠে গেছেন। ছবিতে দুই ফুটবলারের ছায়া এবং মাঠের মাঝখানের রেখা দৃশ্যটিকে আরও নাটকীয় করে তুলেছে।

গেটি ইমেজের আলোকচিত্রী আল বেল্লোর ক্যামেরায় ধরা পড়ে আলোচিত এই মুহূর্ত। ছবিটি ফুটবল মাঠের উত্তেজনা ও শারীরিক লড়াইয়ের এক নাটকীয় দৃশ্য তুলে ধরেছে।
ঘটনাটি ঘটে আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনালে। ম্যাচের অতিরিক্ত সময় শুরুর আগে যোগ করা সময়ে কুবারসিকে কঠিন ট্যাকল করেন এনজো। এর আগে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখানোর পর লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে।

আল বেল্লো যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা ক্রীড়া আলোকচিত্রী। দীর্ঘ কর্মজীবনে তার তোলা বিভিন্ন ছবি প্রশংসা ও পুরস্কার অর্জন করেছে।
এদিকে টাইমের সেরা ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে গাজার ফুটবলারদের অনুশীলনের একটি ছবিও। ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে ফিলিস্তিনের আল-আহলি ক্লাবের খেলোয়াড়দের অনুশীলনের দৃশ্যটি ধারণ করেন বার্তা সংস্থা এপির আলোকচিত্রী জেহাদ আলশরাফি।

ছবিতে দেখা যায়, গাজা স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে ফুটবলাররা অনুশীলন করছেন। চারপাশে ইসরায়েলি স্থল ও বিমান অভিযানে ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপ। ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন ধ্বংসস্তূপ পরিষ্কার করে পুরোনো কৃত্রিম ঘাস বসিয়ে মাঠটি তৈরি করেছে। এর ফলে স্থানীয় দলগুলোর পাশাপাশি দীর্ঘদিন খেলার বাইরে থাকা খেলোয়াড়দেরও মাঠে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

যুদ্ধের সময় গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এমন পরিস্থিতিতে নতুন করে মাঠ তৈরি করে ফুটবলে ফেরার চেষ্টা ফিলিস্তিনিদের প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়ানোর প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
ব/নি-ব/জ