
বর্তমান নিউজ ডেস্ক
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ দেশের স্বাধীন ভূখণ্ডের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। ভারতে বসে যারা অগ্নিসন্ত্রাস করছেন, তাদের বাংলাদেশে ফিরতে হলে আইনি কাঠামোর মধ্য দিয়েই আসতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় কামান্না দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বুধবার প্রতিবেশী দেশের একটি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের একাংশ দখলের হুমকি দিয়েছেন। ২৭ শহীদের কবরের সামনে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই স্বাধীন ভূখণ্ডের দিকে কেউ চোখ তোলার সাহস পাবে না।
তিনি বলেন, ক্ষমতার লোভে অন্ধ হয়ে প্রতিবেশী দেশে বসে যারা অগ্নিসন্ত্রাস করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই, এই বাংলাদেশে আপনাদের ফেরা হবে না। ফিরতে হলে আইনি কাঠামোর মধ্য দিয়েই ফিরতে হবে। অন্য কোনোভাবে ফেরার সুযোগ দেশের জনগণ দেবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে। যেকোনো অপতৎপরতা রুখে দিতে তারা প্রস্তুত।
অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান এবং পুলিশ সুপার আশিস বিন হাসানসহ অন্যরা বক্তব্য দেন।
ব/নি-ব/জ