1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর নিয়ে বিভ্রান্তি এক বছর পর ৮ বিভাগে তাফসির মাহফিলে আসছেন আজহারী আত্মসমর্পণে আগ্রহী ‘শুটার রায়হান’, ভয় রাজনৈতিক প্রতিহিংসার ডিসেম্বরে নাশকতার শঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি বাংলাদেশসহ ১৬ দেশ ও ইইউর ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে প্রার্থী লিপি খন্দকার, সবার দোয়া ও সহযোগিতা কামনা নারায়ণগঞ্জের নারী নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র খোরশেদা আলম লিপি খন্দকার, সমাজসেবায় অনন্য অবদান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ২৮০ বোতল জব্দ এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জ থানা কি দায়িত্ব পালনে ব্যর্থ? বিচার চাইতে যাবে কোথায়—প্রশ্ন এলাকাবাসীর!

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

‘হঠাৎ দেখি সবকিছু কাঁপছে। মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। কিন্তু দৌড়ে বাইরে গিয়ে দেখি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে আমার ৪০ বছরের বসতভিটা। মাত্র এক ঘণ্টার তাণ্ডবে চোখের সামনে ধূলিসাৎ হয়ে যায় সাজানো সংসার।’ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ভুক্তভোগী সুলতানা বেগম।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতের শেষভাগে ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার স্বপ্ন বাজারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে দুপক্ষের মধ্যে আদালতে দেওয়ানি মামলা চলমান থাকা অবস্থায় গভীর রাতে বুলডোজার দিয়ে তাঁদের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে বাড়িঘর হারিয়ে পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

পরিবারের দাবি, প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ১২ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে চালানো এ তাণ্ডবে কমপক্ষে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একটি একতলা ভবনসহ ৮ থেকে ১০টি টিনশেড ঘর ভেঙে ফেলা হয়েছে। এতে পরিবারের প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য আশ্রয়হীন হয়ে পড়েছেন।

সুলতানা বেগম বলেন, ‘রাতে নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি সব কাঁপছে। মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। দৌড়ে বাড়ি থেকে বাইরে গিয়ে দেখি আমার ৪০ বছরের বসতভিটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে দখলদাররা। ভোর ৪টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই ঘণ্টার মধ্যে আমার পুরো বাড়ি ভেঙে শেষ করে দিয়েছে। এখন আমি থাকব কোথায়?’

তিনি আরও বলেন, ‘এই বাড়ি আমার নানির বাড়ির সম্পত্তি ছিল। পাশে আমরা আরও কিছু জমি কিনেছি। আমার স্বামী সন্দ্বীপ থানার সাধারণ সম্পাদক ছিলেন। আজ আমার বাড়িঘর ভেঙে আমাকে পথে বসানো হলো। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, হিরাঝিল এলাকার ওই সাড়ে ১২ শতাংশ পৈতৃক ও ক্রয়কৃত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। এর আগে একাধিকবার সিদ্ধিরগঞ্জ থানায় সালিশ বৈঠক হলেও আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়।

পরিবারটির অভিযোগ, স্থানীয় প্রভাবশালী পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন আলম (স্বর্ণকার), সবুজ, সজিব ও জসিমসহ ১৫০ থেকে ২০০ জনের একটি দল দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করে আসছে।

সুলতানা বেগমের ভাই গোলাম মোস্তফা জানান, গত ৫ নভেম্বর রাত ১১টার দিকেও অভিযুক্তদের নেতৃত্বে একই ব্যক্তিরা ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে আসেন। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে অভিযুক্তরা সেখান থেকে চলে যান। যাওয়ার সময় ৭ নভেম্বর পুনরায় হামলার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে সুলতানা বেগম গত ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৭ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বরাবর ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তবে পরিবারের অভিযোগ, পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল থেকে ফিরে যাওয়ার পর রাতেই বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে জমি দখল করা হয়।

এদিকে অভিযুক্তদের একজন শাহিন আলম (স্বর্ণকার) দাবি করেন, জমিটি তিনি কিনেছেন। তাই নিজের কেনা জমি বুঝে নিতে স্থাপনা ভাঙা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন সময় সংবাদকে বলেন, ‘এই জমি নিয়ে বিরোধ ছিল। আদালতে মামলা চলমান আছে এবং কোনো কিছু না করতে নির্দেশনা দেওয়া আছে। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং তাঁদের অনুরোধে সোমবার আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ‘ভোর ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে যারা এই অন্যায় কাজ করেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর বসতভিটা হারিয়ে দিশেহারা পরিবারটি দ্রুত সুষ্ঠু তদন্ত, জমির নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park