1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

রংপুরে টার্মিনালের পাশে বাসে আগুন, পুড়ে ছাই

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রংপুর নগরীতে একের পর এক বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোচিং সেন্টারের বাসে আগুন দেওয়ার ঘটনার একদিন পর এবার কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাস পুড়ে গেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে টার্মিনাল রোডের মাছের আড়তের সামনে এ ঘটনা ঘটে।

আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ নিয়ে পুলিশ ও বাসমালিকের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। পুলিশের দাবি, ওয়ার্কশপে ঝালাইয়ের কাজের সময় অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে। অন্যদিকে বাসমালিকের দাবি, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ।

বাসটির মালিক হৃদয় আহমেদ জানান, নীলফামারীর জলঢাকা রুটে চলাচলের জন্য দুই দিন আগে বাসটি কিনেছিলেন তিনি। ‘হৃদয়-তাহসিন’ নামের বাসটি চলাচলের উপযোগী করতে মাছের আড়তের সামনের একটি ওয়ার্কশপে ঝালাইয়ের কাজ করানো হচ্ছিল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাজ শেষ হলেও দুপুরে ওয়ার্কশপে রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীদের কেউ কেউ ঘটনাটিকে নাশকতা বলে সন্দেহ করছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ওয়ার্কশপের কর্মচারীদের বরাত দিয়ে জানা গেছে, ঝালাইয়ের কাজের সময় অসাবধানতাবশত আগুন লাগতে পারে। প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একই সড়কের পর্যটন মোটেল-সংলগ্ন সিদ্দীকিয়া বিশ্ব ইসলাম মিশনের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। বাসটি লুমিনাস কোচিং সেন্টারের নিজস্ব পরিবহন ছিল।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park