
বর্তমান নিউজ ডেস্ক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো হার্ট অ্যাটাকের পর কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত এক মুমূর্ষু রোগীর সফল প্রাইমারি পিসিআই (জরুরি এনজিওপ্লাস্টি ও রিং স্থাপন) সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত, দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টায় মৃত্যুঝুঁকিতে থাকা রোগীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল ও বুকে ব্যথামুক্ত রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এ জটিল চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সফল চিকিৎসা পাওয়া রোগীর নাম কাজল (৫৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। ধূমপান ও উচ্চ রক্তচাপ ছিল তার হৃদরোগের অন্যতম ঝুঁকির কারণ। ঘটনার দিন হাসপাতালে পৌঁছানোর মাত্র এক ঘণ্টা আগে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে পৌঁছানোর পর রোগীর শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তার রক্তচাপ নেমে দাঁড়ায় ৬০/৪০ মিমি পারদে। জরুরি ইসিজি পরীক্ষায় ধরা পড়ে অ্যাকিউট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা তীব্র হার্ট অ্যাটাক। একই সঙ্গে তিনি কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত হন। এ অবস্থায় হৃদ্যন্ত্র শরীরের বিভিন্ন অঙ্গে প্রয়োজনীয় রক্ত সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় তার জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
রোগীর সংকটাপন্ন অবস্থা বিবেচনায় নিয়ে কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা দ্রুত জরুরি চিকিৎসার সিদ্ধান্ত নেন। কোনো ধরনের কালক্ষেপণ না করে তাকে হাসপাতালের ক্যাথল্যাবে নেওয়া হয়। সেখানে প্রাইমারি পিসিআই বা জরুরি এনজিওপ্লাস্টির মাধ্যমে আক্রান্ত রক্তনালিতে রক্ত চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে রক্তনালিতে রিং স্থাপন করা হয়।
এ জটিল চিকিৎসা কার্যক্রমে অংশ নেন কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. রেজাউল ইসলাম, ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল, ডা. রাশেদসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল। তাদের দ্রুত পদক্ষেপ, দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় জীবন রক্ষাকারী এ চিকিৎসা।
চিকিৎসার পর রোগীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তার রক্তচাপ ৬০/৪০ মিমি পারদ থেকে বেড়ে বর্তমানে ১২৫/৮০ মিমি পারদে পৌঁছেছে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন এবং বুকে কোনো ব্যথা অনুভব করছেন না।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সংকটাপন্ন রোগীর সফল চিকিৎসা সম্ভব হয়েছে। চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।
তিনি আরও বলেন, রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এ অর্জন উত্তরবঙ্গের হৃদরোগ চিকিৎসায় একটি নতুন মাইলফলক। বিশেষ করে হার্ট অ্যাটাকের পর কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে হাসপাতালের সক্ষমতার গুরুত্বপূর্ণ অগ্রগতি এটি।
ব/নি-ব/জ