
বর্তমান নিউজ ডেস্ক
নিজ নিজ এলাকার অধিক্ষেত্র সংরক্ষণ, পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। এ কর্মসূচির কারণে বিয়ে পড়ানো ও নিবন্ধনের কার্যক্রম বন্ধ রাখেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া কাজীরা জানান, তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে বিয়ে ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনি দায়িত্ব পালন করে আসছেন। তবে অধিক্ষেত্র সুরক্ষা, পেশাগত নিরাপত্তাহীনতা এবং বিভিন্ন ধরনের হয়রানির কারণে বর্তমানে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে।
তাদের দাবি, প্রতিটি ইউনিয়নে বর্তমানে একজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ব্যবস্থা বহাল রাখতে হবে। পাশাপাশি সাধারণ শিক্ষায় সনদধারী ব্যক্তিদের নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সভাপতি এআরএম শহিদুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরে আইন মেনে নিজ নিজ এলাকায় নিকাহ ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এক ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের জন্য সরকারের সঙ্গে যোগসাজশ করছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের উদ্যোগ নিকাহ রেজিস্ট্রারদের জন্য অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, কাজীরা সরকারি কোনো বেতন-ভাতা পান না। নিবন্ধন ফি থেকেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তাই বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি পুনর্নির্ধারণের পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
কর্মসূচি থেকে কাজীদের নির্ধারিত অধিক্ষেত্র সংরক্ষণ, নিবন্ধন ফি পুনর্নির্ধারণ, পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া বাল্যবিয়ে প্রতিরোধে কাজীদের আইনি ক্ষমতা ও সামাজিক নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির পঞ্চগড়ের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলার সভাপতি আরাফাত ইদ্রিস, দেবীগঞ্জ উপজেলার সভাপতি শামসুল আলম, বোদা উপজেলা সভাপতি মাসরুর আলম রাজু, তেঁতুলিয়া উপজেলা সভাপতি আজমত আলী, আটোয়ারী উপজেলা সভাপতি আব্দুল মোত্তালেবসহ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা।
ব/নি-ব/ত