1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বাংলাদেশকে ছাড়িয়ে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত রায়ান রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, কাগিসো রাবাদার ঝোড়ো ব্যাটিং এবং টেম্বা বাভুমার দায়িত্বশীল ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৫৫৭ রান।

দিনের শুরুতে বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে রিকেলটন ও রাবাদার নবম উইকেটের ১১৭ রানের জুটি ম্যাচের চিত্র বদলে দেয়। রিকেলটন নিজের ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেন। টানা দ্বিতীয় ম্যাচে শতকের দেখা পাওয়া এই ব্যাটার শেষ পর্যন্ত ১০০ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন।

অন্যদিকে রাবাদাও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখান। ৯৩ বলে ৭২ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কা। মেহেদী হাসান মিরাজের বলে আউট হওয়ার আগে আগের দুই বলে টানা দুটি ছক্কা হাঁকান এই পেসার।

তবে রাবাদা ব্যক্তিগত ৩৮ রানে থাকতেই আউট হতে পারতেন। তাসকিন আহমেদের বলে তার ক্যাচ নিতে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলেন তিনি।

এদিকে রিকেলটন আউট হওয়ার পর মাঠে নামেন আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি আরও এক রান যোগ করে নিজের অর্ধশতক পূর্ণ করেন।

নবম উইকেটের জুটি ভাঙার পরও দক্ষিণ আফ্রিকার রান বাড়তে থাকে। শেষ উইকেটে বাভুমা ও ডেন প্যাটারসন যোগ করেন আরও ৪৫ রান। প্যাটারসন ২৭ বলে ২৯ রান করে ইবাদত হোসেনের শিকার হন। অন্যদিকে ৬৮ রানে অপরাজিত থাকেন বাভুমা।

এর আগে প্যাটারসন ১১ রানে থাকা অবস্থায় হাসান মাহমুদ তাকে বোল্ড করলেও সেটি নো বল হওয়ায় উইকেট পাননি। পরে সুযোগ কাজে লাগিয়ে কয়েকটি বাউন্ডারি হাঁকান এই ব্যাটার।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট।

উল্লেখ্য, প্রথম ইনিংসে তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ ৪০০ রান সংগ্রহ করেছিল। ফলে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছে দক্ষিণ আফ্রিকা।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park