
বর্তমান নিউজ ডেস্ক
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এদিকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সাভারের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় শ্রমিকদের একটি অংশ অবস্থান নেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় আন্দোলনরত শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অন্যদিকে, সাভারের রাজফুলবাড়ী এলাকাতেও বেলা ১১টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করছেন।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ জানান, আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
এদিকে, মঙ্গলবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান নূর। বেলা ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছিলেন।
ব/নি-ব/ত