1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২৪ স্থাপনা, কোটি টাকার ক্ষতি

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, পাঁচটি বসতঘর ও একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বাজারের স্থানীয় চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে চায়ের দোকান, ফার্মেসি, মুদি, কসমেটিকস, হার্ডওয়্যার ও হোটেলসহ ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। পাশাপাশি পাঁচটি বসতঘর ও একটি মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার জানান, রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমাতে যান তিনি। পরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ফার্মেসিসহ বাজারের অনেক দোকান পুড়ে যেতে দেখেন। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ময়নুল হক রাসেল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে যেতে দেখেন। পরে নেছারাবাদ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার চেষ্টা করছেন তারা।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল জানান, বাজারে প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডে ১৮টির মতো প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।

নেছারাবাদ ফায়ার স্টেশনের অফিসার মো. কলীম উল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হয়। তবে যোগাযোগব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে পৌঁছাতে বিলম্ব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন জানান, ঘটনাস্থল পরিদর্শনে দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা গেছেন। তারা ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park