
বর্তমান নিউজ ডেস্ক
মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও নিরাপত্তার মধ্য দিয়ে উদ্যাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।
এ ছাড়া বিজয় দিবস উদ্যাপন ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বিক নিরাপত্তা কার্যক্রমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথি ও তাদের যানবাহনে প্রয়োজনীয় তল্লাশিসহ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।
যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জরুরি সেবা নিশ্চিত করতে স্মৃতিসৌধসহ বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব/নি-ব/জ