1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

আ. লীগের ১৭ বছরে অর্থনীতির বড় ক্ষতি হয়েছে: পার্থ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

পাকিস্তান আমলের চেয়েও গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তাঁর দাবি, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দেশের অর্থনীতি, রাজনীতি ও সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমলে দেশের যে ক্ষতি হয়েছিল, গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে অর্থনীতির ক্ষতি তার চেয়েও বেশি হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কয়েক বছর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো স্ট্যাটাস লেখার পর সেটি প্রকাশ্যে রাখা যাবে কি না, তা নিয়ে সাংবাদিকদের ভাবতে হতো। তবে বর্তমানে সরকার গণমাধ্যমের কাজে হস্তক্ষেপ করছে না। মানুষ যেন বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে ভুল পথে পরিচালিত না হয়, সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর দাবি, সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট-নয় মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য সরকার কিংবা সরকারের কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না। সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, সরকার গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে কাজ করছে। এসব ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা গুরুত্বপূর্ণ। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডট কমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছসহ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য দেন।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park