1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, দুই আসামি রিমান্ডে

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. ফয়সাল ও তাঁর সহযোগী সুকুমার হাওলাদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে সূত্রাপুর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় তাঁদের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১০ নভেম্বর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়। পরদিন ১১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন এবং মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সময় আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য ও উপস্থিত লোকজনের সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় বিস্ফোরক আইনে মামলা করে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park