
বর্তমান নিউজ ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আগামী এক বছরের মধ্যে কয়েকশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। পাশাপাশি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ববি হাজ্জাজ জানান, বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ করা পুলিশের জন্য কঠিন হতে পারে। এ সমস্যা সমাধানে এআই প্রযুক্তির মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে দ্রুত সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, সিসিটিভি নজরদারি, সড়কবাতি স্থাপন ও পুলিশের নিয়মিত তৎপরতার কারণে মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকার কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু এলাকায় এখনো অপরাধের প্রবণতা রয়েছে। সেসব স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু ক্যামেরা স্থাপন করলেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। মোহাম্মদপুর থানার বিস্তৃত এলাকার কারণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের যে সমস্যার সৃষ্টি হয়, তা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও সক্ষমতা বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।
যানজট নিয়ন্ত্রণে আধুনিক ট্রাফিক ব্যবস্থার পরিকল্পনার কথাও জানান তিনি। শিয়া মসজিদ, আসাদগেট ও ধানমন্ডি ২৭ নম্বরের আই হসপিটাল-সংলগ্ন এলাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটের প্রবেশপথে আরও তিনটি আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
ঢাকা-১৩ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যান চলাচল পর্যবেক্ষণ করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি থামানো ও ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভিডিওর মাধ্যমে মামলা করার কার্যক্রমও চলছে।
কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে শুধু গ্রেপ্তার নয়, অপরাধের পেছনে থাকা সামাজিক ও অর্থনৈতিক কারণ দূর করার ওপরও গুরুত্ব দেন ববি হাজ্জাজ। এ জন্য তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নতুন ব্যবসার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে।
বিহারি ক্যাম্পের মাদক সমস্যা নিয়ন্ত্রণে প্রবেশ ও বের হওয়ার পথগুলো সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়ন ও পুনর্বাসন পরিকল্পনার মাধ্যমে এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব/নি-ব/জ