1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ভিডিও বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করলেন যুবদল নেতা সজল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তাঁর দাবি, একটি পারিবারিক অনুষ্ঠানের ভিডিও সম্পাদনা ও কাটছাঁট করে তাঁর সঙ্গে আজমেরী ওসমানের ভিডিও কল কথোপকথনের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। ওই অনুষ্ঠানে আজমেরী ওসমানের সঙ্গে তাঁর কোনো কথা বা ভিডিও কল কথোপকথন হয়নি বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় শহরের কিল্লারপুল এলাকায় মহানগর যুবদলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সজল।

সংবাদ সম্মেলনে সজল জানান, গত ২২ অক্টোবর তাঁর সহধর্মিণীর বড় বোনের ছেলের শরা-কাবিন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন তিনি। ওই অনুষ্ঠানে তাঁর সহধর্মিণীর বড় বোনের স্বামী আক্তার নুরও উপস্থিত ছিলেন।

রাজনৈতিকভাবে আক্তার নুরের সঙ্গে আজমেরী ওসমানের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে সজল বলেন, আক্তার নুরের সঙ্গে তাঁর সম্পর্ক সম্পূর্ণ পারিবারিক।

সজলের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের সময় আক্তার নুর অতিথিদের ভিডিও ধারণ করছিলেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি আজমেরী ওসমানকে অনুষ্ঠানের ভিডিও দেখাচ্ছিলেন বলে জানান সজল। সে সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিলেন। আক্তার নুর কার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না বলেও দাবি করেন।

সজল বলেন, পরবর্তীতে ওই ভিডিও সম্পাদনা ও কাটছাঁট করে ‘বহুল পরিচিত নেতা আজমেরী ওসমানের সঙ্গে মহানগর যুবদলের আহ্বায়ক সজলের ভিডিও কল কথোপকথন’—এমন শিরোনামে প্রচার করা হচ্ছে। তাঁর দাবি, এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ভিডিওটি বিচার-বিশ্লেষণ করে দেখার অনুরোধ জানাচ্ছি। সেখানে তাঁর ভূমিকা কী ছিল, তা যাচাই করলেই বিষয়টি পরিষ্কার হবে। আক্তার নুর কার সঙ্গে কথা বলছিলেন, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। তিনি তখন খাবার খাচ্ছিলেন এবং ভিডিওতে আজমেরী ওসমানের সঙ্গে সরাসরি কোনো কথোপকথন করেননি বলে দাবি করেন।

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সজল বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯৯ সালে ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তী সময়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park