1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ইমরান খানের দুই বোনকে মুক্তি দিল পাকিস্তান সরকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নওরীন নিয়াজিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী।

ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সরকারবিরোধী পদযাত্রার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কয়েক সপ্তাহ আগে তাঁদের আটক করা হয়েছিল।

আইনজীবী মুদাসসির উমর জানান, সরকার তাঁদের আটকের আদেশ স্থগিত করার পর উজমা খান ও নওরীন নিয়াজিকে মুক্তি দেওয়া হয়েছে।

তবে পিটিআই জানিয়েছে, ইমরান খানের আরেক বোন আলিমা খান এখনো কারাগারে রয়েছেন। পাকিস্তান সরকারের দাবি, ইসলামাবাদ অভিমুখে পরিকল্পিত পদযাত্রার আগে তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠতে পারেন—এমন আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়নি।

এদিকে বিক্ষোভ আয়োজনের দায়িত্বে থাকা ইমরান খানের দল পিটিআই-নেতৃত্বাধীন খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকারকে বরখাস্ত করেছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি দেশটির তথ্য মন্ত্রণালয়।

উজমা খানের ছেলে ওয়ালি খান তাঁর মাকে ৫৩ দিন আটকে রাখার পর মুক্তি দেওয়ার কারণ জানতে চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাঁর মাকে আটকের সিদ্ধান্ত যেমন খেয়ালখুশিমতো নেওয়া হয়েছিল, মুক্তির সিদ্ধান্তও তেমনই হয়েছে।

ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়ার একদিন পর তাঁর দুই বোনের মুক্তির খবর আসে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরান খানের ডান চোখের সমস্যার চিকিৎসায় তাঁকে একটি ইনজেকশন দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর রক্তচাপেরও চিকিৎসা করা হয়েছে।

ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ৭৪ বছর বয়সী ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, একটি ছাড়া ইমরান খানের বাকি সব সাজা স্থগিত বা বাতিল হয়েছে এবং সংশ্লিষ্ট আপিলগুলো বিচারাধীন রয়েছে। ইমরান খান তাঁর বিরুদ্ধে আনা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে পাকিস্তান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সূত্র: রয়টার্স

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park