
বর্তমান নিউজ ডেস্ক
ইতালি প্রবাসীকে বিমানবন্দর থেকে বাড়ি নেওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে মাইক্রোবাস। এতে চালকসহ ৯ জন আহত হয়েছেন। সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টা ১৮ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে শ্রীনগর ফেরিঘাট এলাকায় দ্রুতগতির কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে চালকসহ আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার বালসা গ্রামের রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার, খাদিজা আক্তার (১৮), রাসেল মাতব্বর (৩০), ইতালি প্রবাসী সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮), মেহেদী (৩৫), মো. ইব্রাহিম (৩৬) এবং ময়মনসিংহের আল-আমিন (৩০)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দ্রুতগতির কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়।
জানা গেছে, ইতালি প্রবাসী রাসেল মাতব্বরকে বিমানবন্দর থেকে গ্রহণ করে স্বজনেরা মাদারীপুরে তাঁদের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
ব/নি-ব/জ