
আড়াইহাজার প্রতিনিধি | হুমায়ুন কবির সাদী
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে দলীয় নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) ফতেপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. কাজী নাসির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আড়াইহাজার উপজেলা গ্রাম আদালত কো-অর্ডিনেটর মোছা. হাসিনা খাতুন।
সভায় গ্রাম আদালত আইন-২০০৬, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম এবং গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ ও তা মোকাবিলার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় আলোচনায় অংশ নেন আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন সাকিব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর এবং ফতেপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক আহ্বায়কসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
সভায় ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গ্রাম আদালতের কার্যক্রম সফলভাবে পরিচালনার পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধনের নির্ধারিত লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজতর করা এবং ইউনিয়ন পরিষদের সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়.
ব/নি-ব/ত