
হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার ওসি মুজাহিদুল ইসলামসহ ৯ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার সকালে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন নির্যাতনের শিকার আব্দুল বারেক। তার বাড়ি উপজেলার কুচিয়ামোড়া গ্রামে।
আদালতের বেঞ্চ সহকারী মো. হোসেন জানান, সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান মামলার ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বাদীর জখমের বিষয়ে সিভিল সার্জনকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী জামাল হোসাইন জানান, চলতি বছরের ১৮ এপ্রিল সিরাজদীখান থানায় একটি মামলা হয়। ২৪ এপ্রিল ওই মামলায় উপজেলার কুচিয়ামোড়া গ্রামের আব্দুল বারেকসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ওই রাতেই গ্রেপ্তারদের পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়। পরদিন তাদের আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে পাঠান। তিনি বলেন, জেলহাজতে থেকেই বারেক ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন।